শেরপুর শহরে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ৩৩ টন সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌরসভার চাপাতলী এলাকার জেবীন রাইস প্রসেসিংয়ের গুদামে অভিযান চালিয়ে ওই চাল জব্দ করা হয়।
আটক গুদাম মালিক
এ ঘটনায় গুদামের মালিক বোরহান উদ্দিনকে আটক করেছে পুলিশ। তিনি শেরপুর শহরের কসবা-কাঠগড় এলাকার বাবুল মিয়ার ছেলে।
অভিযানের বিবরণ
পুলিশ সূত্রে জানা গেছে, চাপাতলী মহল্লায় বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সরকারি খাদ্যগুদামের সিলযুক্ত চলতি জুন মাসের বরাদ্দের বিপুল পরিমাণ খালি বস্তাও উদ্ধার করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার রাতে শেরপুর সদর থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার এবং গুদামের মালিককে আটক করা হয়। চালের পরিমাণ বেশি হওয়ায় এ ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের বক্তব্য
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা প্রথম আলোকে বলেন, জেবীন রাইস প্রসেসিংয়ের গুদামে সরকারি ৩০ কেজির বস্তা থেকে চাল সাধারণ বস্তায় স্থানান্তরের সময় মালিককে হাতেনাতে আটক করা হয়। পরে সেখান থেকে ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়। এ ছাড়া ২০২৪ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ের সরকারি খাদ্যগুদামের বিপুল পরিমাণ খালি বস্তা উদ্ধার করা হয়েছে।



