স্মার্টফোনের দাম কমিয়ে ৫-৬ হাজার টাকা করার পরিকল্পনা সরকারের
স্মার্টফোনের দাম কমিয়ে ৫-৬ হাজার টাকা করার পরিকল্পনা

স্মার্টফোনের উচ্চমূল্য দেশের মানুষের জন্য বড় বাধা উল্লেখ করে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, বর্তমানে একটি স্মার্টফোনের সর্বনিম্ন দাম ১০ হাজার টাকা। সরকার উৎপাদনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং বাজেটে প্রয়োজনীয় নীতি–সহায়তার মাধ্যমে স্মার্টফোনের দাম ৫–৬ হাজার টাকায় নামিয়ে আনার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে উপদেষ্টার বক্তব্য

আজ রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোনের ৭০০ মেগাহার্টজ তরঙ্গ চালু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রেহান আসিফ এ কথা বলেন। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে সরকার ২০৩১ সাল পর্যন্ত প্রতি দুই বছর পরপর করহার কমানোর পরিকল্পনা করেছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, এ খাতে করহার কমিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। এবারের বাজেটেই সিমের কর প্রত্যাহার করা হয়েছে, যা সরাসরি সাধারণ গ্রাহকদের উপকারে আসবে।

গ্রামীণফোনের ৭০০ মেগাহার্টজ তরঙ্গ চালু

দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন দেশে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ চালু করেছে। এ নিয়ে অনুষ্ঠানে উপদেষ্টা রেহান আসিফ বলেন, যুক্তরাষ্ট্রে ২০১১ সালে ৭০০ মেগাহার্টজ ব্যান্ড চালু করা হয়। বাংলাদেশ সেটি ২০২৬ সালে করছে। এটা নির্দেশ করে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ৭০০ মেগাহার্টজ তরঙ্গ দেশজুড়ে গ্রাহকদের সেরা নেটওয়ার্ক অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে গ্রামীণফোনের নিরন্তর প্রতিশ্রুতিরই প্রতিফলন। এটি ফোর-জির পারফরম্যান্স বৃদ্ধিতে অপরিহার্য ভূমিকা রাখবে এবং ফাইভ-জি, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও আইওটির (ইন্টারনেট অব থিংস) জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইনডোর কভারেজ ও গ্রামীণ সংযোগে উন্নতি

গ্রামীণফোনের সিইও আরও বলেন, এই তরঙ্গ ‘ইনডোর কভারেজ’ উল্লেখযোগ্যভাবে উন্নত করবে, গ্রামীণ সংযোগ আরও শক্তিশালী করবে এবং লাখ লাখ গ্রাহককে আরও নির্ভরযোগ্য ও নির্বিঘ্ন ডিজিটাল সেবা প্রদান করতে আমাদের সক্ষমতাকে বাড়িয়ে তুলবে।

স্পেকট্রাম বরাদ্দ ও অর্থনৈতিক অবদান

চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ দেয় বিটিআরসি। এই স্পেকট্রাম ১৩ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে গ্রামীণফোন নির্ধারিত মেয়াদে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকার অবদান রাখবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ, বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক প্রমুখ।