প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবিদুল ইসলাম সিয়াম নামের এক কিশোরকে আটক করা হয়েছে। রোববার (২১ জুন) দিবাগত রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সদর উপজেলায় তার খালার বাড়ি থেকে সিয়ামকে আটক করে আখাউড়া থানা পুলিশ।
আটক শিক্ষার্থীর পরিচয় ও অভিযোগ
আটককৃত সাবিদুল ইসলাম সিয়াম আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে। সে একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছেন।
পুলিশের অভিযান ও গ্রেপ্তার
আখাউড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্টের বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে রোববার দিবাগত রাতে মোবাইল ট্র্যাকিংয়ে তার অবস্থান নিশ্চিত করে সদর উপজেলার উত্তর জগৎসার এলাকায় তার খালার বাড়িতে অভিযান চালিয়ে সিয়ামকে আটক করা হয়। আটকৃতের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মামলা ও আইনি প্রক্রিয়া
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রক্রিয়া চলছে। আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, “ছাত্রদল নেতাদের অভিযোগের ভিত্তিতে আমরা তাকে আটক করেছি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সাইবার অপরাধের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।”



