সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে এক তরুণীকে বিয়ের আশ্বাসে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে হাসিব চৌধুরী (২১) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার অভিযান
মঙ্গলবার (২ জুন) রাতে রাজধানীর লালবাগের পলাশীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৩ জুন) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে হাসিব। ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি দুপুরে ঘুরতে যাওয়ার কথা বলে ফরিদপুরের একটি রেস্টুরেন্টে নিয়ে বিয়ের প্রলোভনে ওই তরুণীকে ধর্ষণ করে সে। এ সময় ঘটনার ভিডিও ও ছবি নিজের মোবাইল ফোনে ধারণ করে সংরক্ষণ করে।
ব্ল্যাকমেইলের ঘটনা
অভিযোগে বলা হয়, পরে ওই ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারণ করা ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ১১ মে ফরিদপুরের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।
তদন্ত ও গ্রেফতার
তাপস কর্মকার বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র্যাব-১০ এর সহায়তা চান। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন, দুটি পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড এবং একটি ইলেকট্রিক ভেপ উদ্ধার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



