সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুল আলোচিত ‘মেলোডি’ (Melodi) জ্বর এবার গ্রাস করেছে ভারতের শেয়ার বাজারকে। তবে এই ক্রেজের চক্করে পড়ে শেয়ার বাজারে ঘটে গেছে এক চরম হাস্যকর কাণ্ড। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এই বিভ্রান্তির সৃষ্টি হয়, যেখানে মোদিকে মেলোনির হাতে ‘মেলোডি’ (Melody) টফি উপহার দিতে দেখা যায়।
বিনিয়োগকারীদের হুজুগে শেয়ার দর বৃদ্ধি
জনপ্রিয় এই চকলেটের তুমুল ক্রেজ দেখে বিনিয়োগকারীরা মঙ্গলবার শেয়ার বাজারে হুমড়ি খেয়ে পড়েন। ‘মেলোডি’ চকলেটের তুমুল জনপ্রিয়তার ফায়দা তুলতে তারা তড়িঘড়ি করে ‘পার্লে ইন্ডাস্ট্রিজ’ (Parle Industries) নামের একটি কোম্পানির শেয়ার কেনা শুরু করেন। ফলে রাতারাতি কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে যায়। অথচ মজার ব্যাপার হলো, এই কোম্পানির সঙ্গে চকলেট বা কনফেকশনারি ব্যবসার দূর-দূরান্তের কোনো সম্পর্কই নেই!
পার্লে ইন্ডাস্ট্রিজের প্রকৃত পরিচয়
প্রকৃতপক্ষে, ‘পার্লে ইন্ডাস্ট্রিজ’ হলো একটি স্মল-ক্যাপ (ছোট পুঁজির) প্রতিষ্ঠান, যা পরিকাঠামো উন্নয়ন (ইনফ্রাস্ট্রাকচার), রিয়েল এস্টেট, বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারযোগ্য (রিসাইক্লিং) ব্যবসার সঙ্গে জড়িত। অন্যদিকে, ৪৩ বছরের পুরোনো এবং অত্যন্ত জনপ্রিয় ‘মেলোডি’ চকলেটের প্রস্তুতকারক হলো এফএমসিজি খাতের জায়ান্ট ‘পার্লে’ (Parle)। এটি একটি সম্পূর্ণ বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং এটি শেয়ার বাজারে তালিকাভুক্তই নয়।
মন্দা কাটানোর মোক্ষম সুযোগ
শেয়ার বাজারের তথ্য অনুযায়ী, এই ঘটনার আগে গত তিন মাসে পার্লে ইন্ডাস্ট্রিজের ব্যবসায়িক মন্দা চলছিল। তাদের শেয়ারের দাম প্রায় ৩৫ শতাংশ কমে ৮.০৮ রুপি থেকে ৫.২৫ রুপিতে নেমে এসেছিল। ঠিক এই মন্দা কাটানোর মোক্ষম সময়েই ‘ভুল দরজায়’ কড়া নাড়েন হুজুগে বিনিয়োগকারীরা। মূলত স্মল-ক্যাপ কোম্পানিগুলো আকারে ছোট এবং দ্রুত বর্ধনশীল হওয়ায় এতে উচ্চ মুনাফার সুযোগ যেমন থাকে, তেমনি থাকে চরম আর্থিক ঝুঁকিও।
নেটিজেনদের প্রতিক্রিয়া
শেয়ার বাজারের এই অদ্ভুত কাণ্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর পরই নেটিজেনদের মধ্যে হাসির রোল পড়ে গেছে। অনেকেই রসিকতা করে বলছেন, প্রধানমন্ত্রী মোদির ‘পাওয়ার’ এতটাই শক্তিশালী যে, চকলেটের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা কোম্পানির ভাগ্যও এক নিমেষে বদলে দিতে পারে। উল্লেখ্য, নরেন্দ্র মোদি এবং জর্জিয়া মেলোনির নামের প্রথমাংশ মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরেই ‘মেলোডি’ (Melodi) শব্দটি ট্রেন্ড করছে, যা আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন ও জনসমক্ষে তাঁদের মধ্যকার চমৎকার রসায়নকে নির্দেশ করে।



