সামাজিক যোগাযোগমাধ্যমে পুরুষদের ইনস্টাগ্রাম ব্যবহার নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তার দাবি, ইনস্টাগ্রাম মূলত মেয়েদের জন্য। এমনকি যেসব প্রাপ্তবয়স্ক পুরুষ তাঁকে ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক পাঠান, তাঁদের লিঙ্গ পরিবর্তন বা ‘ট্রানজিশন’ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
ভাইরাল আলোচনার প্রেক্ষাপট
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের অভ্যাস এবং এর পরিবর্তনশীল প্রবণতা নিয়ে এক ভাইরাল আলোচনার প্রেক্ষিতে এক্স-এ এই মন্তব্য করেন মাস্ক। ওই আলোচনায় উঠে আসে কীভাবে মানুষের ডিজিটাল আচরণ তাদের জীবনের বিভিন্ন পর্যায়কে প্রতিফলিত করে। বিশেষ করে ইনস্টাগ্রামে নজরকাড়া ছবি, সারাদিন স্টোরি দেওয়া কিংবা বাড়িতে রান্না করা খাবারের ছবি পোস্ট করার মতো সাধারণ অভ্যাসগুলো নিয়ে সেখানে কথা হচ্ছিল।
মাস্কের সরাসরি মন্তব্য
এর প্রতিক্রিয়ায় ইলন মাস্ক লেখেন, অবশ্যই ইনস্টাগ্রাম মেয়েদের জন্য। মাঝেমধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষরা আমাকে তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইল পাঠান এবং আমি তখন ভাবি আপনারা কি লিঙ্গ পরিবর্তনের (ট্রানজিশনিং) প্রক্রিয়ায় আছেন নাকি?
প্রতিক্রিয়া ও বিতর্ক
মাস্কের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেক ব্যবহারকারী তাঁর এই বক্তব্যকে ‘লিঙ্গবৈষম্যমূলক’ এবং ‘আপত্তিকর’ বলে অভিহিত করেছেন। এক ব্যবহারকারী মাস্কের পোস্টে মন্তব্য করেছেন, আমার মনে হয় আমাদের সবার বাস্তববাদী হওয়া উচিত যে আমরা আসলে কে বা জীবনের কোন পর্যায়ে আছি। আমাদের সবার চোখের নিচে কালি আছে, চুলে পাক ধরেছে। মিথ্যে বলা বন্ধ করে সৎ হওয়াটাই পৃথিবীর জন্য সবচেয়ে ভালো।
সূত্র: ওয়াইওন নিউজ



