গুগল তাদের জিমেইল সেবায় যুক্ত করতে যাচ্ছে 'জেমিনি লাইভ' নামের একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সুবিধা। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা স্বাভাবিক ভাষায় কথা বলে বা লিখে তাদের ইনবক্সে জমে থাকা ই-মেইলের মধ্যে থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে পারবেন। বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
কীভাবে কাজ করবে জেমিনি লাইভ?
চলতি বছরের শুরুতে গুগলের বার্ষিক আই/ও ডেভেলপার সম্মেলনে এই ফিচার তৈরির ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির তথ্যমতে, জেমিনি লাইভ জিমেইলের সার্চ বক্স থেকেই ব্যবহার করা যাবে। সার্চ বক্সে ট্যাপ করলে 'আস্ক জিমেইল' এবং জেমিনি লাইভ আইকনে ট্যাপ করলে ভয়েস-ভিত্তিক 'জিমেইল লাইভ' চালু হবে।
দুটি আলাদা সুবিধা
জেমিনি লাইভে দুটি প্রধান সুবিধা থাকবে। প্রথমটি হলো 'জিমেইল লাইভ', যেখানে ব্যবহারকারীরা কথা বলে প্রশ্ন করবেন এবং জেমিনি সংশ্লিষ্ট ই-মেইল থেকে তথ্য খুঁজে দিয়ে কণ্ঠ ও লিখিত উভয় মাধ্যমে উত্তর দেবে। দ্বিতীয়টি 'আস্ক জিমেইল', যেখানে স্বাভাবিক ভাষায় লিখে প্রশ্ন করা যাবে। জেমিনি সেই প্রশ্ন বিশ্লেষণ করে প্রাসঙ্গিক ই-মেইল খুঁজে দেবে এবং তথ্যের উৎস হিসেবে সেই ই-মেইলও দেখাবে।
পরীক্ষামূলক পর্যায়
গুগল জানিয়েছে, বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ফিচারটি পরীক্ষামূলকভাবে চলছে। ধাপে ধাপে এটি গুগল এআই প্রো ও গুগল এআই আলট্রা গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে। এই ফিচার চালু হলে ব্যবহারকারীদের ইনবক্সে হাজারো ই-মেইল থাকলেও নির্দিষ্ট শব্দ, প্রেরকের নাম বা বিষয় লিখে খোঁজার প্রয়োজন অনেকটাই কমে যাবে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ



