মানবসভ্যতার বিবর্তনে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগান্তকারী ভূমিকা
মানবসভ্যতার দীর্ঘ পথচলায় এমন কিছু যুগান্তকারী আবিষ্কার ঘটিয়াছে, যাহা মানুষের জীবনধারাকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করিয়া দিয়াছে। প্রাগৈতিহাসিক যুগে আগুনের আবিষ্কার অন্ধকার দূর করিয়া খাদ্য প্রস্তুতি, নিরাপত্তা ও প্রাথমিক প্রযুক্তির ভিত্তি স্থাপন করিয়াছিল। পরবর্তীতে চাকার উদ্ভাবন পরিবহন ও বাণিজ্যের গতি বহুগুণে বৃদ্ধি করিয়া বিশ্বায়নের প্রাথমিক সূচনা করিয়াছিল। শিল্পবিপ্লবের মাধ্যমে যান্ত্রিক শক্তির ব্যবহার উৎপাদন ক্ষেত্রে বিপ্লব সাধন করিয়াছিল। এই ধারাবাহিকতায় বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নামক এক শক্তিশালী প্রযুক্তি মানবসভ্যতাকে এক নতুন যুগের দিকে পরিচালিত করিতেছে।
মানব মেধা থেকে যান্ত্রিক বুদ্ধিমত্তার রূপান্তর
বিশ্বখ্যাত প্রযুক্তিবিদ, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকগণ একবাক্যে স্বীকার করিতেছেন যে, মানবসভ্যতা এখন এক সন্ধিক্ষণে উপস্থিত হইয়াছে। একদিকে সেই ঐতিহ্যবাহী যুগ রহিয়াছে, যাহাতে মানুষের স্মৃতি, অভিজ্ঞতা, শ্রম ও বিচক্ষণতাই ছিল সমাজের প্রধান চালিকাশক্তি। অন্যদিকে এমন এক যুগের সূচনা ঘটিতেছে, যাহাতে যন্ত্র কেবলমাত্র সহায়ক হিসাবে নহে, বরং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সক্রিয় অংশীদারে পরিণত হইতেছে। ভবিষ্যতের ইতিহাসবিদগণ সম্ভবত মানবসভ্যতাকে দুইটি প্রধান পর্বে বিভক্ত করিবেন—মানুষের একক মেধার যুগ এবং মানুষের সৃষ্ট বুদ্ধিমত্তার যুগ।
বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার বহুমুখী প্রয়োগ
এই অভিনব প্রযুক্তির সম্ভাবনা ইতিমধ্যে নানান ক্ষেত্রে প্রতিভাত হইতে শুরু করিয়াছে। চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা রোগ নির্ণয়ের বহু বিষয়ে মানুষের চক্ষুর তুলনায় অধিক সূক্ষ্ম বিশ্লেষণ প্রদান করিতে সক্ষম হইতেছে। আধুনিক হাসপাতালসমূহে শল্যচিকিৎসার পূর্বে রোগীর দেহের জটিল গঠন বিশ্লেষণ করিয়া যন্ত্র চিকিৎসকগণকে সহায়তা করিতেছে। কৃষিক্ষেত্রে মাটির গুণাবলি, আর্দ্রতার পরিমাণ, জলবায়ুর পরিবর্তন ও উৎপাদনশীলতা মূল্যায়ন করিয়া বুদ্ধিমান প্রযুক্তি কৃষকদের যথাযথ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করিতেছে।
বিচারব্যবস্থায় লক্ষাধিক পূর্ববর্তী মামলার নজির বিশ্লেষণ করিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্তি ও তথ্যের দ্রুত বিন্যাস করিতে পারিতেছে। অর্থনৈতিক ক্ষেত্রে বাজারের অনিশ্চয়তা, ঝুঁকি ও প্রবণতা মূল্যায়নে অ্যালগরিদমিক প্রযুক্তি ক্রমশ অধিক কার্যকর ভূমিকা পালন করিতেছে। শিক্ষার জগতেও এই পরিবর্তনের স্রোত দ্রুতগতিতে প্রবাহিত হইতেছে। আধুনিক শিক্ষাতত্ত্ব অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীর বুদ্ধিমত্তা ও শেখার গতি ভিন্ন। কৃত্রিম বুদ্ধিমত্তা সেই ব্যক্তিগত বৈচিত্র্য বিশ্লেষণ করিয়া শিক্ষার্থীর জন্য পৃথক পাঠ্যক্রম নির্ধারণ করিবার সামর্থ্য রাখে।
বিশ্বব্যাপী শিক্ষানীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার একীকরণ
এই বাস্তবতা একটি গভীর সত্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করিতেছে—মানবসভ্যতা ধীরে ধীরে 'যন্ত্র-সহায়ক' যুগ হইতে ‘যন্ত্র-নির্দেশিত’ যুগের দিকে অগ্রসর হইতেছে। দূরদর্শী রাষ্ট্রসমূহ ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে জাতীয় শিক্ষানীতির কেন্দ্রবিন্দুতে স্থাপন করিতে শুরু করিয়াছে। সিংগাপুর প্রাথমিক শিক্ষা হইতে উচ্চশিক্ষা পর্যন্ত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাকে ধাপে ধাপে অন্তর্ভুক্ত করিয়াছে। দক্ষিণ কোরিয়া বিদ্যালয় পর্যায়েই কোডিং, ডেটা বিশ্লেষণ ও যান্ত্রিক শিক্ষার ভিত্তি গড়িয়া তুলিবার উদ্যোগ গ্রহণ করিয়াছে।
ইউরোপের বহু দেশে নাগরিকদের প্রযুক্তি-সচেতন করিবার জন্য উন্মুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা পাঠ্যক্রম চালু হইয়াছে। সংযুক্ত আরব আমিরাত আরও এক ধাপ অগ্রসর হইয়া রাষ্ট্রপরিচালনা ও প্রশাসনিক কাঠামোতেও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কৌশলগতভাবে সংযোজন করিবার পরিকল্পনা গ্রহণ করিয়াছে। এমনকি সামরিক ক্ষেত্রেও এই প্রযুক্তির ব্যবহারের গুঞ্জন শোনা যায়। ইহা স্পষ্ট যে, যাহারা আজ প্রযুক্তির এই নতুন অধ্যায়কে স্বাগত জানাইতেছে, তাহারাই আগামীর জ্ঞানভিত্তিক বিশ্বে নেতৃত্ব প্রদান করিবে।
ভবিষ্যতের জন্য বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়
এই প্রেক্ষাপটে আমাদের নিজেদের দিকে ফিরিয়া তাকানো অত্যন্ত জরুরি। আমরা কি এই পরিবর্তনের জন্য যথেষ্ট প্রস্তুত? আমাদের শিক্ষাব্যবস্থা কি আগামীর প্রযুক্তিনির্ভর বিশ্বকে বিবেচনা করিয়া গড়িয়া উঠিতেছে? যদি না হয়, তবে এখনই সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণের আবশ্যকতা রহিয়াছে। প্রাথমিক স্তরে প্রযুক্তি-সাক্ষরতা, মাধ্যমিক পর্যায়ে ডেটা-চিন্তা ও অ্যালগরিদমিক যুক্তির ধারণা, উচ্চশিক্ষায় মেশিন লার্নিং, রোবোটিক্স ও সাইবার নিরাপত্তার মতো বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা অত্যাবশ্যক।
পাশাপাশি শিক্ষকসমাজকে আধুনিক প্রযুক্তি-জ্ঞান দিয়া সজ্জিত করাও অপরিহার্য। মানবসভ্যতার ইতিহাসে একটি নতুন অধ্যায় ইতিমধ্যেই শুরু হইয়া গিয়াছে। প্রশ্ন এখন আর এই নহে যে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সমাজকে পরিবর্তন করিবে কি না। প্রকৃত প্রশ্ন হইল—এই পরিবর্তনের ইতিহাস আমরা নিজেরা রচনা করিব, নাকি অন্যের রচিত ইতিহাস কেবল পাঠ করিয়াই সন্তুষ্ট থাকিব?
