কল্পনা নয়, বাস্তব! প্রেমের মাসে এআই সঙ্গীর সঙ্গে ক্যাফেতে ডেটিংয়ের সুযোগ
ডিজিটাল যুগে কল্পনার সীমানা পেরিয়ে বাস্তবতায় মিশছে প্রেমের ধারণা। নিউইয়র্কে চলতি মাসের শেষের দিকে খুলছে একটি অনন্য এআই ডেটিং ক্যাফে, যেখানে মানুষ তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সঙ্গীদের সঙ্গে সময় কাটাতে পারবেন। এটি শুধু কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একটি ক্যাফে পরিবেশে বাস্তব অভিজ্ঞতা দেবে।
গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য
এক গবেষণায় দেখা গেছে, ৩০ বছর বয়সী পুরুষদের মধ্যে প্রতি তিনজনের একজন এআইয়ের সঙ্গে সঙ্গীর মতো আচরণ করেন। তারা দিনভর নানা বিষয়ে কথা বলেন, ঠিক যেভাবে একটি প্রেমিক-প্রেমিকার সম্পর্কে হয়। নারীদের ক্ষেত্রে এই হার প্রতি চারজনে একজন। এই প্রবণতা ইঙ্গিত দিচ্ছে যে, অনেক মানুষ সঙ্গীহীনতা বা সামাজিক বিচ্ছিন্নতায় ভুগছেন এবং এআই চ্যাটবটকে একটি নিরাপদ সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন।
কীভাবে কাজ করবে এআই ডেটিং ক্যাফে?
সাধারণ ডেটিং স্পেশাল টেবিলে দুজনের জন্য আসন থাকলেও, এখানে থাকবে একটি সিঙ্গেল সিট, সুন্দরভাবে সাজানো পরিবেশে। প্রতিটি সিটে একটি ফোন স্ট্যান্ড রাখা হবে, যেখানে ব্যবহারকারীরা তাদের এআই সঙ্গীকে রাখতে পারবেন। অংশ নিতে ইভা এআই অ্যাপ ডাউনলোড করতে হবে। ক্যাফের ভেতরে প্রবেশ করে, ভয়েস চ্যাটের মাধ্যমে এআই সঙ্গীর সঙ্গে কথা বলতে পারবেন ব্যবহারকারীরা, যেখানে কোনো বিচার বা সমালোচনার ভয় নেই।
বিতর্ক ও সামাজিক প্রভাব
এই উদ্ভাবনী ধারণা নিয়ে ইতিমধ্যে দানা বেঁধেছে বিতর্ক। অনেক বিশেষজ্ঞ ও সমাজবিজ্ঞানী মনে করেন, এআই সঙ্গীর উপর অতিরিক্ত নির্ভরশীলতা বাড়াতে পারে একাকীত্ব এবং সামাজিক মিথস্ক্রিয়া হ্রাস করতে পারে। অন্যদিকে, সমর্থকরা যুক্তি দেখান যে, এটি সেইসব মানুষের জন্য একটি বিকল্প সুযোগ, যারা প্রচলিত সম্পর্কে অস্বস্তি বোধ করেন বা সামাজিক উদ্বেগে ভোগেন।
ভালোবাসার মরশুমে এই এআই ডেটিং ক্যাফে একটি নতুন দিগন্ত উন্মোচন করছে, যা প্রযুক্তি ও মানবিক সম্পর্কের সীমাকে পুনর্বিবেচনা করতে বাধ্য করছে। এটি শুধু একটি বিনোদনমূলক অভিজ্ঞতা নয়, বরং একটি সামাজিক পরীক্ষাও বটে, যার ফলাফল ভবিষ্যতের সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে পারে।
