প্রথমবার এআই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া
প্রথমবার এআই ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবার (২৭ মে) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

সর্বোচ্চ নেতার তত্ত্বাবধানে পরীক্ষা

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এই প্রথমবার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং এআই পরিচালিত প্রিসিশন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। গতকাল হয়েছে এ উৎক্ষেপণ কর্মসূচি।

এআই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা

কিম জানিয়েছেন, এআই পরিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। উল্লেখ্য, গত কয়েক বছরে উত্তর কোরিয়া একাধিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এই প্রথমবার চালাল দেশটি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরীক্ষার উদ্দেশ্য

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ‘স্পেশাল মিশন ওয়ারহেড’ প্রকল্পের আওতায় তৈরি এসব ক্ষেপণাস্ত্রের শক্তি এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা যাচাই করতেই এ পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালনা করা হয়েছে।

উৎক্ষেপণের পর এক বার্তায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম বলেছেন, ‘পরীক্ষাগুলো দেখিয়েছে, অস্ত্র এবং স্বয়ংক্রিয় উৎক্ষেপণ ব্যবস্থাগুলোকে আমরা খুব ভালোভাবে উন্নত করতে পেরেছি। এসব অস্ত্র এতটা উন্নত যে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে এগুলো খুব সফলভাবে খাপ খাইয়ে নিতে পারবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সীমান্তে মোতায়েনের পরিকল্পনা

কিম আরও বলেন, এই পরীক্ষাগুলো বিশেষ করে সেইসব ক্রুজ ক্ষেপণাস্ত্রের যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করেছে, যেগুলো দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী আর্টিলারি ইউনিটগুলোতে মোতায়েন করা হবে। এই ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুল নেভিগেশন এবং এআই-নির্দেশিত নিয়ন্ত্রণ ব্যবস্থায় সজ্জিত, যা ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

কিম আরও জানিয়েছেন, পরীক্ষিত এসব অস্ত্র দক্ষিণ কোরিয়ার সীমান্তে মোতায়েন করতে চান তিনি। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কোনো মুখপাত্র মন্তব্য করতে চাননি। একজন মুখপাত্র শুধু বলেছেন যে উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পর্কে তারা অবগত।

সূত্র: রয়টার্স