কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি জনপ্রিয় হওয়ার পাশাপাশি এর অপব্যবহারও বাড়ছে। সম্প্রতি এই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করা হচ্ছে, যা ‘ডিপ ফেক’ নামে পরিচিত। তাই নিজেদের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি সব ছবিতে অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করার পাশাপাশি ভুয়া ছবি দ্রুত শনাক্তের জন্য নতুন একটি এআই টুল উন্মুক্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।
টুলটির কাজের পদ্ধতি
টুলটি ওপেনএআইয়ের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি ছবিতে থাকা অদৃশ্য ওয়াটারমার্ক সহজেই শনাক্ত করে ব্যবহারকারীদের জানাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন—কোনো ছবি ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে কি না। ওপেনএআই জানিয়েছে, এখন থেকে তাদের এআই পণ্য দিয়ে তৈরি সব ছবিতে গুগলের ‘সিন্থআইডি’ নামের অদৃশ্য ওয়াটারমার্ক প্রযুক্তি যুক্ত করা হবে। একই সঙ্গে চালু করা হয়েছে একটি যাচাই টুল, যা ছবির ভেতরে থাকা নির্দিষ্ট সংকেত বিশ্লেষণ করে এর উৎস সম্পর্কে ধারণা দেবে।
প্রযুক্তির সমন্বয়
নতুন এই টুল মূলত দুটি প্রযুক্তির সহায়তায় কাজ করবে। এর একটি হলো গুগলের তৈরি ‘সিন্থআইডি’। অন্যটি ‘সি-টু-পি-এ’ নামের একটি উন্মুক্ত মানদণ্ড। সি-টু-পি-এ প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবির মেটাডেটায় বিশেষ তথ্য যুক্ত করে, যা থেকে ছবিটির উৎস শনাক্ত করা সম্ভব হয়। তবে আপাতত টুলটি শুধু চ্যাটজিপিটি, ওপেনএআই এপিআই এবং কোডেক্স ব্যবহার করে তৈরি ছবি শনাক্ত করতে পারে।
বিভ্রান্তি রোধে গুরুত্ব
সাম্প্রতিক সময়ে এআইনির্ভর ছবি তৈরির প্রযুক্তি দ্রুত উন্নত হওয়ায় বাস্তব ও কৃত্রিমভাবে তৈরি ছবির মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপ ফেক ও ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরির ঘটনাও বেড়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, ওপেনএআইয়ের নতুন এই উদ্যোগ অনলাইনে বিভ্রান্তিকর ছবি শনাক্তে কিছুটা সহায়ক হতে পারে। তবে কম পরিচিত বা নিয়ন্ত্রণহীন এআই টুল দিয়ে তৈরি বিপুল পরিমাণ ভুয়া ছবি ঠেকানো এখনো বড় চ্যালেঞ্জ।
ওয়াটারমার্কের স্থায়িত্ব
এক ব্লগ বার্তায় ওপেনএআই জানিয়েছে, ওয়াটারমার্ক প্রযুক্তি স্ক্রিনশট নেওয়া বা ছবির আকার পরিবর্তনের পরও কার্যকর থাকতে পারে। অন্যদিকে মেটাডেটাভিত্তিক সংকেত ছবির উৎস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেবে। ফলে দুটি প্রযুক্তি একসঙ্গে ব্যবহার করলে এআই দিয়ে তৈরি আধেয় বা কনটেন্ট শনাক্তের প্রক্রিয়া আরও নির্ভরযোগ্য হবে।
ব্যবহারবিধি
ওপেনএআইয়ের নতুন ছবি যাচাই টুল ব্যবহার করতে একটি ছবি টুলটিতে আপলোড করতে হবে। বর্তমানে পিএনজি, জেপিজি ও ওয়েবপি ফরম্যাটের ছবি সমর্থন করে টুলটি। বিশ্লেষণের পর এটি জানাবে, ছবিতে সি-টু-পি-এ মেটাডেটা, সিন্থআইডি ওয়াটারমার্ক বা অন্য কোনো সংকেত রয়েছে কি না। ওপেনএআইয়ের তথ্যমতে, ভালো ফল পেতে অতিরিক্ত ক্রপ করা ছবি বা একাধিক ছবি থাকা ফাইল আপলোড না করাই ভালো।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



