কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত বদলে দিচ্ছে সরকার কীভাবে নীতি প্রণয়ন, সম্পদ বণ্টন এবং জনসেবা প্রদান করে। বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ডিজিটাল গভর্ন্যান্সের ক্ষেত্রে দেশ ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সাম্প্রতিক নীতিগত আলোচনা ও প্রস্তুতি মূল্যায়নে দায়িত্বশীলভাবে এআই ব্যবহারে সরকারের আগ্রহও স্পষ্ট হয়েছে। তবে এখন মূল চ্যালেঞ্জ হলো— নীতিগত উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তব প্রয়োগে রূপ দেওয়া।
এআইয়ের সম্ভাবনা: তথ্য বিশ্লেষণ ও পূর্বাভাস
প্রথমেই সম্ভাবনার দিকটি বিবেচনা করা যাক। এআইয়ের সবচেয়ে বড় শক্তি হলো বিপুল পরিমাণ তথ্য দ্রুত বিশ্লেষণ করে এমন ধরন ও প্রবণতা শনাক্ত করা— যা প্রচলিত আমলাতান্ত্রিক ব্যবস্থায় প্রায়ই ধরা পড়ে না। উন্নয়নশীল দেশগুলোতে যেখানে জনপরিসেবামূলক প্রতিষ্ঠানগুলো জনবল সংকট, খণ্ডিত তথ্যভাণ্ডার ও ধীর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভোগে, সেখানে এআই নীতিনির্ধারণকে আরও দ্রুত ও কার্যকর করতে পারে।
এআই-ভিত্তিক বিশ্লেষণ ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে বহুমাত্রিক তথ্য বিশ্লেষণ করে দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ সম্ভব। উদাহরণ হিসেবে বাংলাদেশে এআই নির্ভর পূর্বাভাসমূলক বিশ্লেষণ বন্যা ও জলবায়ু ঝুঁকি নিরূপণ, খাদ্যসংকট বা মূল্য অস্থিরতার পূর্বাভাস, বেকারত্ব ও দারিদ্র্যপ্রবণ অঞ্চল চিহ্নিতকরণ কিংবা জনস্বাস্থ্য সংকট বিস্তারের আগেই সতর্কবার্তা দিতে সহায়তা করতে পারে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ। স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ ও পূর্বাভাসমূলক মডেলিং দুর্যোগ প্রস্তুতি জোরদার করে মানবিক ও অর্থনৈতিক ক্ষতি কমাতে পারে।
কৃষি, স্বাস্থ্য ও শিক্ষায় এআই
একইভাবে, এআই সমর্থিত কৃষি পরামর্শব্যবস্থা আবহাওয়া, রোগবালাই ও ফসল উৎপাদনের পূর্বাভাস দিয়ে কৃষকদের সহায়তা করতে পারে। বাংলাদেশের লাখো মানুষের জীবিকা এখনও কৃষিনির্ভর। ফলে এ ধরনের প্রযুক্তি খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জনসেবার দক্ষতা ও প্রাপ্যতা বৃদ্ধিতেও এআই কার্যকর হতে পারে। বিশেষত গ্রামীণ এলাকায় বাংলাদেশে স্বাস্থ্যকর্মীর ঘাটতি দীর্ঘদিনের সমস্যা। এআই নির্ভর রোগ নির্ণয় ব্যবস্থা ও টেলিমেডিসিন প্ল্যাটফর্ম প্রাথমিক স্বাস্থ্যকর্মীদের দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসা অগ্রাধিকার নির্ধারণে সহায়তা করতে পারে। শিক্ষা খাতেও এআই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। যেমন- ভিন্ন ভিন্ন শিক্ষাগত পটভূমির শিক্ষার্থীদের জন্য ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। সেইসঙ্গে শহর ও গ্রামের শিক্ষাব্যবস্থার বৈষম্য কমাতেও এআইভিত্তিক অভিযোজিত শিক্ষা কার্যকর হতে পারে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় ঝরে পড়ার ঝুঁকি, শিক্ষাপ্রতিষ্ঠানের মান এবং সম্পদ বণ্টন আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করতে পারবে।
সামাজিক সুরক্ষা ও দুর্নীতি দমনে এআই
সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক কর্মসূচিতেও এআই ইতিবাচক ভূমিকা রাখতে পারে। উন্নয়নশীল দেশগুলোর অন্যতম সমস্যা হলো— ভাতা ও সহায়তা কর্মসূচিতে অপচয় ও অনিয়ম। এআই ডুপ্লিকেট সুবিধাভোগী শনাক্ত, লক্ষ্যভিত্তিক সহায়তা নিশ্চিত এবং দুর্নীতি বা জালিয়াতি সনাক্ত করতে সহায়তা করতে পারে। সুশাসনের আওতায় এটি সরকারি ব্যয়কে আরও কার্যকর ও ন্যায়সংগত করবে।
দুর্নীতি দমনেও এআই গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। এআইভিত্তিক প্রযুক্তি অস্বাভাবিক ক্রয়প্রক্রিয়া, সন্দেহজনক আর্থিক লেনদেন ও কর ফাঁকি শনাক্ত এবং নিরীক্ষা কার্যক্রম স্বয়ংক্রিয় করতে পারে। বিশেষ করে সরকারি ক্রয় খাতে এটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বড় অবকাঠামো প্রকল্পে ব্যয় বৃদ্ধি ও টেন্ডার অনিয়মের অভিযোগ প্রায়ই ওঠে। এআই নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা এসব অস্বাভাবিকতা দ্রুত শনাক্ত করে পর্যালোচনার সুযোগ তৈরি করতে পারে।
কাঠামোগত বাধা ও ঝুঁকি
তবে সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু কাঠামোগত বাধাও রয়েছে। এআই কার্যকর করতে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ, ক্লাউড অবকাঠামো, পর্যাপ্ত কম্পিউটিং সক্ষমতা এবং মানসম্মত তথ্যভাণ্ডার প্রয়োজন। বাংলাদেশ ই-গভর্ন্যান্সে অগ্রসর হলেও সংযোগব্যবস্থা, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অন্তর্ভুক্তিতে এখনও বড় ঘাটতি রয়েছে।
এআই মূলত তথ্যনির্ভর প্রযুক্তি। শক্তিশালী তথ্য সুরক্ষা আইন ও স্বাধীন তদারকি ছাড়া নাগরিকরা নজরদারি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা বৈষম্যমূলক প্রোফাইলিংয়ের ঝুঁকিতে পড়তে পারেন। বাংলাদেশ ইতোমধ্যে খসড়া এআই নীতি ও সাইবার আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে। তবে বাস্তবায়ন সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা এখনও বড় প্রশ্ন।
এ ছাড়া উন্নয়নশীল দেশগুলোতে এআই গবেষক, তথ্যবিজ্ঞানী ও ডিজিটালি দক্ষ সরকারি কর্মকর্তার ঘাটতি রয়েছে। বাংলাদেশের এআই প্রস্তুতি নিয়ে বিভিন্ন গবেষণায় পুরোনো পাঠক্রম, সীমিত কম্পিউটিং সুবিধা ও এআই নৈতিকতা শিক্ষার ঘাটতির বিষয় উঠে এসেছে।
পক্ষপাত ও বৈষম্যের ঝুঁকি
আরেকটি গুরুত্বপূর্ণ ঝুঁকি হলো— পক্ষপাতদুষ্ট বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে তৈরি এআই ব্যবস্থা সামাজিক বৈষম্যকে আরও বাড়িয়ে দিতে পারে। নারী, গ্রামীণ জনগোষ্ঠী ও নিম্নআয়ের মানুষ ভুল বা বৈষম্যমূলক অ্যালগরিদমের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বাংলাদেশের মতো দেশে, যেখানে অনানুষ্ঠানিক অর্থনীতি ও নিবন্ধনবিহীন জনগোষ্ঠী বড় অংশজুড়ে রয়েছে, সেখানে দুর্বলভাবে নকশাকৃত এআই বাস্তব সামাজিক চিত্র প্রতিফলিত করতে ব্যর্থ হতে পারে।
সুশাসন ও মানবিক মূল্যবোধ
এআইয়ের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোকে বাস্তবসম্মত, ধাপে ধাপে এবং প্রেক্ষাপট ভিত্তিক কৌশল গ্রহণ করতে হবে। অতিরঞ্জিত প্রযুক্তিনির্ভর স্বপ্ন নয়, বরং বাস্তবভিত্তিক পরিকল্পনাই এখানে জরুরি।
বাংলাদেশে একটি স্বাধীন “এআই গভর্ন্যান্স কমিশন” গঠন করা যেতে পারে, যেখানে নীতিনির্ধারক, শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ ও প্রযুক্তি পেশাজীবীরা যুক্ত থাকবেন। এই কমিশন এআই নৈতিকতা, অ্যালগরিদমিক জবাবদিহি, তথ্য সুরক্ষা এবং নাগরিক অভিযোগ ব্যবস্থার তদারকি করবে।
সব খাতে একযোগে এআই প্রয়োগের পরিবর্তে দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, স্বাস্থ্যসেবা, কর প্রশাসন ও পরিবহন ব্যবস্থাপনার মতো উচ্চপ্রভাবসম্পন্ন খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত। পরীক্ষামূলক প্রকল্প সফলভাবে মূল্যায়নের পর ধীরে ধীরে তা সম্প্রসারণ করা যেতে পারে।
সেইসঙ্গে বাংলাভিত্তিক এআই পরিকাঠামো গড়ে তোলাও জরুরি। বর্তমানে অধিকাংশ বৈশ্বিক এআই প্রযুক্তি ইংরেজি নির্ভর। তাই শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনগত তথ্য ও জনসেবায় বাংলাভাষা-ভিত্তিক এআই ব্যবস্থায় বিনিয়োগ বাড়াতে হবে। এতে একদিকে প্রযুক্তির ব্যবহার সহজ হবে, অন্যদিকে ভাষাগত অন্তর্ভুক্তিও নিশ্চিত হবে। স্থানীয় বিশ্ববিদ্যালয় ও স্টার্টআপগুলোকে বাংলা বৃহৎ ভাষা মডেল, স্পিচ রিকগনিশন এবং স্থানীয় প্রশাসনিক এআই উদ্ভাবনে প্রণোদনা দেওয়া প্রয়োজন।
এআই সম্পর্কে নীতিনির্ধারকদের পর্যাপ্ত জ্ঞান না থাকলে প্রযুক্তির সফল প্রয়োগ সম্ভব নয়। তাই সরকারি কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক এআই সচেতনতা ও নৈতিকতা প্রশিক্ষণ চালু করা উচিত। এতে বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর অন্ধ নির্ভরতা কমবে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংবেদনশীল খাতে মানবিক তদারকি নিশ্চিত করা। ফৌজদারি বিচার, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা বা আইন প্রয়োগের মতো ক্ষেত্রে এআই কখনোই মানুষের বিকল্প হতে পারে না; বরং সহায়ক প্রযুক্তি হিসেবেই ব্যবহৃত হওয়া উচিত। ‘হিউম্যান ইন দ্য লুপ’ নীতিকে এআই কাঠামোর কেন্দ্রীয় অংশ করতে হবে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইউনেসকো, ইউএনডিপি, বিশ্ববিদ্যালয় এবং গ্লোবাল সাউথ প্রযুক্তি নেটওয়ার্কের সঙ্গে অংশীদারত্ব জোরদার করতে পারে। তবে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে প্রযুক্তিগত নির্ভরশীলতা এড়িয়ে তথ্য সার্বভৌমত্ব ও নীতিগত স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
সবশেষে মনে রাখতে হবে, এআই মানবিক তদারকির বিকল্প নয়। স্বচ্ছতা ছাড়া অতিরিক্ত স্বয়ংক্রিয়তা “অ্যালগরিদমিক আমলাতন্ত্র” তৈরি করতে পারে, যেখানে নাগরিকরা নিজেদের জীবনে প্রভাব ফেলা সিদ্ধান্তের কারণ জানতে বা চ্যালেঞ্জ করতে পারবেন না। জনআস্থা নিশ্চিত করতে ব্যাখ্যা যোগ্যতা ও জবাবদিহি অপরিহার্য।
এআই কোনও জাদুকরী সমাধান নয়। দুর্বল প্রতিষ্ঠান, রাজনৈতিক হস্তক্ষেপ, তথ্য ব্যবস্থাপনার দুর্বলতা ও ডিজিটাল বৈষম্য থাকলে এর সুফলও সীমিত হয়ে পড়বে। তাই প্রযুক্তির পাশাপাশি সুশাসন, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকেও সমান গুরুত্ব দিতে হবে।



