বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, দেশের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রথম পর্যায়ে অতি সংবেদনশীল ৩০টি পণ্য এ ব্যবস্থার আওতায় এনে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
এআই মডেল তৈরির পরিকল্পনা
শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বাজারদর পর্যবেক্ষণের পাশাপাশি পণ্যের উৎপাদন, আবহাওয়ার প্রভাব এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য মূল্য পরিস্থিতির পূর্বাভাস দিতে সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি এআই–ভিত্তিক মডেল তৈরি করা হবে। এর মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় আরও কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
সিলেটকে সবজি রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তোলা
সিলেটকে সবজি রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান খন্দকার মুক্তাদির। তিনি বলেন, দেশের সবজি রপ্তানিকারকদের প্রায় অর্ধেকই সিলেটের হলেও প্যাকেজিং ও প্রয়োজনীয় সনদসংক্রান্ত জটিলতায় রপ্তানির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এ সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় কৃষকদের বিজ্ঞানভিত্তিক উৎপাদন পদ্ধতি ও ট্রেসেবিলিটি (পণ্য উৎপাদন ও ব্যবহারকারী পর্যন্ত গতিবিধি) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
কোল্ডস্টোরেজ নির্মাণ পরিকল্পনা
মন্ত্রী জানান, সবজি সংরক্ষণ সুবিধা বাড়াতে সরকার সারা দেশে প্রায় দুই হাজার কোল্ডস্টোরেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এর একটি উল্লেখযোগ্য অংশ সিলেটে স্থাপন করা হবে।
বৈশ্বিক প্রভাব ও জ্বালানি সরবরাহ
বৈশ্বিক দুটি চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্থবিরতা তৈরি হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এর প্রভাব সমজাতীয় পণ্য উৎপাদনকারী দেশগুলোর ওপরও পড়ছে। শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে, যাতে উৎপাদন স্বাভাবিক রাখা যায়।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি প্রসঙ্গে খন্দকার আবদুল মুক্তাদির জানান, উপাচার্যের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হাসপাতালের বহির্বিভাগ চালুর লক্ষ্যে জনবল নির্ধারণসহ প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে চলেছে।
অনুষ্ঠানে বক্তব্য ও কার্যক্রম
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বক্তব্য দেন।
অনুষ্ঠানে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণ, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর পুরস্কার প্রদান, প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ছাগলের খাদ্য বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে বিকেলে খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে সিবিসি পরীক্ষার জন্য হেমাটোলজি অ্যানালাইজার সেবা এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।



