ইন্টারনেট অবকাঠামোয় হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
দেশের ইন্টারনেট অবকাঠামো খাতের ওপর সাম্প্রতিক হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (১৪ জুন) রাজধানীর বনানীতে আইএসপিএবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি আমিনুল হাকিম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৯ জুন দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় ডট ইন্টারনেটের প্রধান কার্যালয়সহ ঢাকার বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ায় একাধিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বলে দাবি করা হয়।
আইএসপিএবির নেতারা বলেন, এসব হামলায় একাধিক কর্মকর্তা ও কর্মচারী আহত হয়েছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম ও নেটওয়ার্ক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে, যা সেবা কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে। সংগঠনটি বলছে, এ ধরনের সহিংস ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামো, ডিজিটাল অর্থনীতি এবং সার্বিক ইন্টারনেট সেবার নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এতে বিনিয়োগ পরিবেশ ও সেবার ধারাবাহিকতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, দেশের কোটি কোটি গ্রাহকের কাছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আইএসপি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতে এ ধরনের হামলা পুরো ডিজিটাল ইকোসিস্টেমকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
সংগঠনটির পক্ষ থেকে সরকারের কাছে ছয় দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট অবকাঠামোকে জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে ঘোষণা করে নিরাপত্তা জোরদার, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পুনরুদ্ধারে সহায়তা এবং ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার দ্রুত পদক্ষেপ নিশ্চিত করা।
আইএসপিএবি নেতারা আশা প্রকাশ করেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করবে। একইসঙ্গে দেশের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বার্থে আইএসপি খাতের নিরাপত্তা জোরদার করা হবে।
সংবাদ সম্মেলনে আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা, সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু, ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ এবং পরিচালক রাশেদুর রহমান রাজনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।



