ইউটিউবে পিআইপি ফিচার চালু, ফ্রি ব্যবহারকারীরাও পাবেন সুবিধা
ইউটিউবে পিআইপি ফিচার চালু, ফ্রি ব্যবহারকারীরাও পাবেন

ইউটিউব অবশেষে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে একটি বহুল প্রত্যাশিত ফিচার চালু করেছে। বিশ্বজুড়ে ফ্রি ব্যবহারকারীদের জন্য ধীরে ধীরে চালু করা হচ্ছে পিকচার-ইন-পিকচার (পিআইপি) মোড। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অন্য অ্যাপ ব্যবহার করার সময়ও ছোট একটি ভাসমান উইন্ডোতে ভিডিও দেখতে পারবেন।

নতুন আপডেটে কী কী সুবিধা

নতুন এই আপডেটের ফলে অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় ডিভাইসেই ফ্রি ব্যবহারকারীরা পিআইপি সুবিধা পাবেন। অর্থাৎ, এখন আর প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই অ্যাপ থেকে বের হয়ে ভিডিও চালু রাখা সম্ভব হবে। পিআইপি মোড চালু থাকলে ব্যবহারকারীরা ইউটিউব অ্যাপ থেকে বের হয়ে মেসেজ করা, ব্রাউজিং বা অন্য যেকোনো অ্যাপ ব্যবহার করার সময়ও ভিডিও দেখতে পারবেন। সাধারণত স্ক্রিন সোয়াইপ আপ করা বা হোম বাটন চাপলেই ভিডিওটি ছোট একটি মিনিপ্লেয়ারে রূপ নেবে।

যেসব ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকবে

তবে এই ফিচারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। মিউজিক সংক্রান্ত কনটেন্ট—যেমন অফিসিয়াল মিউজিক ভিডিও, আর্ট ট্র্যাক, কিডস সং বা ব্যবহারকারীদের আপলোড করা মিউজিক—এসব ক্ষেত্রে পিআইপি মোড কাজ করবে না। এই সুবিধা এখনো প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্যই সংরক্ষিত থাকছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বব্যাপী সম্প্রসারণ

উল্লেখ্য, ইউটিউব প্রথমে এই পিআইপি ফিচারটি প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য চালু করেছিল। পরে যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে ফ্রি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়। এখন তা বিশ্বব্যাপী সম্প্রসারণ করা হচ্ছে এবং ধাপে ধাপে সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যবহারকারীদের প্রতিক্রিয়া মিশ্র

নতুন এই আপডেট নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে মাল্টিটাস্কিংয়ের জন্য বেশ উপকারী বলে স্বাগত জানিয়েছেন, আবার কেউ মনে করছেন স্মার্টফোনে পিআইপি তো আগে থেকেই একটি সাধারণ ফিচার। এছাড়া একাংশ ব্যবহারকারী ইউটিউবের সমালোচনাও করেছেন। তাদের মতে, অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় সিস্টেমেই পিআইপি প্রযুক্তিগতভাবে আগে থেকেই থাকায় এই সীমাবদ্ধতা অপ্রয়োজনীয়।