ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সিরিজ ফিচার, বদলে যাবে রিলসের ধারণা
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সিরিজ ফিচার

ফেসবুক ও ইনস্টাগ্রাম রিলসের দুনিয়ায় বড় ধরনের পরিবর্তন আনছে মেটা। ছোট ভিডিওর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার দীর্ঘমেয়াদি দর্শক ধরে রাখতে ‘সিরিজ’ সুবিধা চালু করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্টটি। এই ফিচারের মাধ্যমে নির্মাতারা তাদের একই বিষয়ভিত্তিক বা ধারাবাহিক গল্পের রিলসগুলোকে একটি নির্দিষ্ট সিরিজের আওতায় সাজিয়ে রাখতে পারবেন।

পরীক্ষামূলক পর্যায়ে সিরিজ ফিচার

বর্তমানে বিশ্বজুড়ে নির্দিষ্ট কিছু কনটেন্ট ক্রিয়েটরদের ওপর এই ফিচারের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ফিচারটি সবার জন্য উন্মুক্ত হলে যারা পর্বভিত্তিক কনটেন্ট তৈরি করেন, তাদের ভিউ ও ফলোয়ারের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে।

যেভাবে কাজ করবে এই ফিচার

  • পুরোনো ও নতুন রিলস যুক্ত করার সুযোগ: নির্মাতারা চাইলে তাদের নতুন রিলসের পাশাপাশি পুরোনো ভিডিওগুলোকেও একটি নির্দিষ্ট সিরিজে অন্তর্ভুক্ত করতে পারবেন।
  • প্রোফাইলে আলাদা সেকশন: ক্রিয়েটরদের প্রোফাইলে সিরিজগুলোর জন্য একটি ডেডিকেটেড বা আলাদা বিভাগ থাকবে।
  • স্মার্ট ওয়াচিং অভিজ্ঞতা: দর্শকরা কোনো একটি পর্ব যেখানে দেখা শেষ করবেন, পরবর্তীতে ঠিক সেখান থেকেই আবার পরের পর্ব দেখা শুরু করার সুযোগ পাবেন।

এতোদিন রিলস মানেই ছিল স্ক্রল করে দ্রুত এক ভিডিও থেকে অন্য ভিডিওতে চলে যাওয়া। কিন্তু ‘সিরিজ’ ফিচারের মাধ্যমে মেটা ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখার কৌশল নিয়েছে। একটি পর্ব দেখার পর পরবর্তী পর্ব দেখার যে কৌতুহল তৈরি হবে, তা দর্শকদের বারবার ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিরিয়ে আনবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন আয়ের সম্ভাবনা

মেটা ইঙ্গিত দিয়েছে যে, এই সিরিজ ফিচারের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন আয়ের পথও তৈরি হতে পারে। তবে মনিটাইজেশন বা আয়ের এই প্রক্রিয়াটি ঠিক কেমন হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে খোলসা করেনি প্রতিষ্ঠানটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী প্রচেষ্টা

উল্লেখ্য, ধারাবাহিক কনটেন্ট সাজানোর চেষ্টা মেটার জন্য এটাই প্রথম নয়; এর আগে ২০২০ সালেও ইনস্টাগ্রামে ‘গাইডস’ নামের একটি ফিচার চালু করেছিল তারা। তবে রিলসের ক্ষেত্রে এই ‘সিরিজ’ ফিচারটি ক্রিয়েটর ইকোনমিতে নতুন হাওয়া দেবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস