ডিজিটাল ব্যাংকিংয়ে ই-লোন চালুর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকিংয়ে ই-লোন চালুর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজ ও দ্রুত করতে সম্পূর্ণ অনলাইনভিত্তিক ‘ই-লোন’ বা ই-ঋণ চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থায় গ্রাহকদের ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঋণের আবেদন, অনুমোদন ও অর্থ গ্রহণ করতে পারবেন। সোমবার (১১ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।

ই-লোনের মূল বৈশিষ্ট্য

সার্কুলারে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবাকে আরও গ্রাহকবান্ধব করতে ব্যাংকগুলোকে ই-লোন কার্যক্রম চালু করতে হবে। নতুন নিয়মে একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ নিতে পারবেন। এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। ই-ঋণের সুদের হার ব্যাংক বাজারভিত্তিকভাবে নির্ধারণ করবে। তবে পুনঃঅর্থায়ন সুবিধা নেওয়া হলে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার হবে ৯ শতাংশ।

ডিজিটাল প্রক্রিয়া ও নিরাপত্তা

ঋণ বিতরণ, কিস্তি পরিশোধসহ পুরো কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। গ্রাহক যাচাইয়ের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক তথ্য ও অন্যান্য ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা ব্যবহার করতে হবে। ঋণ অনুমোদনের আগে গ্রাহকের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) প্রতিবেদন পর্যালোচনা বাধ্যতামূলক করা হয়েছে। খেলাপি ঋণগ্রহীতারা এই সুবিধা পাবেন না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্দেশনায় আরও বলা হয়েছে, সুদ, ফি, চার্জ, বিলম্ব মাশুল বা আগাম ঋণ পরিশোধ ফি-সব তথ্য আগেই গ্রাহককে স্পষ্টভাবে জানাতে হবে। গ্রাহকের সম্মতি ছাড়া কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা যাবে না। সাইবার নিরাপত্তার জন্য ব্যাংকগুলোকে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ), মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) এবং ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বিদ্যমান আইন ও নীতিমালা কঠোরভাবে মানতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রস্তুতি ও বাস্তবায়ন

ই-লোন চালুর আগে প্রতিটি ব্যাংককে নিজস্ব নীতিমালা প্রণয়ন, পরিচালনা পর্ষদের অনুমোদন এবং তথ্যপ্রযুক্তি ঝুঁকি ব্যবস্থাপনা সক্ষমতা নিশ্চিত করতে হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যাচ্ছে।