জনসাধারণের সেবা গ্রহণ প্রক্রিয়া সহজ করতে ‘ই-ফায়ার লাইসেন্স’ চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মিরপুর-১০-এ অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইওসি ভবনের সম্মেলন কক্ষে বিকাল ৩টায় এই সেবার উদ্বোধন করেন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
অনলাইনে সব সেবা
উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে ম্যানুয়াল পদ্ধতির ফায়ার লাইসেন্স বিতরণ প্রক্রিয়ার অবসান ঘটল। সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন ঘরে বসেই আবেদন থেকে লাইসেন্স প্রাপ্তি পর্যন্ত সব সেবা অনলাইনে নিতে পারবেন। শুক্রবার (১ মে) থেকে নতুন ফায়ার লাইসেন্স বিতরণ, নবায়ন, পুনর্মূল্যায়ন ইত্যাদি কার্যক্রম অনলাইনে সম্পাদিত হবে। ম্যানুয়াল পদ্ধতিতে লাইসেন্স সংক্রান্ত সব ধরনের আবেদন গ্রহণ বন্ধ হয়ে যাবে। উদ্বোধন অনুষ্ঠানে এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
প্রযুক্তি বাস্তবায়ন
উদ্বোধন অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের প্রধান ও পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন এবং উপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অধিদফতরের পরিচালক, উপপরিচালক, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী এবং ই-ফায়ার লাইসেন্স প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান পার্কি র্যাবিট কর্পোরেশন লিমিটেডের কর্ণধারসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া সব বিভাগ থেকে ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক এবং ওয়্যারহাউজ ইন্সপেক্টর অনলাইনে যুক্ত ছিলেন।



