জিমেইল ইনবক্সে স্প্যাম ও মেইলবম্বিং: শনাক্তকরণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা
গুগলের জনপ্রিয় ই-মেইল সেবা জিমেইল দৈনন্দিন যোগাযোগ, অফিসের কাজ বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধনের ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি মাধ্যম। তবে, এই সুবিধার পাশাপাশি ব্যবহারকারীদের ইনবক্সে জমতে থাকে বিপুল পরিমাণ অপ্রয়োজনীয় ই-মেইল, যার মধ্যে স্প্যাম, প্রচারণামূলক বার্তা এবং মেইলবম্বিংয়ের মতো সাইবার হামলা অন্তর্ভুক্ত। ফলে, গুরুত্বপূর্ণ ই-মেইল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে এবং নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পায়। অনলাইনে নিরাপদ থাকতে স্প্যাম মেইল শনাক্তের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ই-মেইল নিয়ন্ত্রণের কার্যকরী উপায়গুলো জেনে নেওয়া অত্যন্ত জরুরি।
স্প্যাম শনাক্ত ও ব্যবস্থাপনা
অপ্রাসঙ্গিক বা সন্দেহজনক ই-মেইলগুলো স্প্যাম হিসেবে চিহ্নিত করে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ইনবক্স থেকে সরিয়ে আলাদা ফোল্ডারে রাখা উচিত। এ জন্য কম্পিউটার থেকে এক বা একাধিক ই-মেইল নির্বাচন করে 'রিপোর্ট স্প্যাম' অপশনে ক্লিক করতে হবে। এটি জিমেইলকে ভবিষ্যতে অনুরূপ ই-মেইল শনাক্ত করতে সহায়তা করে এবং ইনবক্সকে পরিষ্কার রাখে।
পরিচিত প্রেরকের ঠিকানা থেকেও আসতে পারে স্প্যাম
অনেক সময় পরিচিত ব্যক্তির ই-মেইল ঠিকানা থেকেই স্প্যাম বার্তা আসতে দেখা যায়, যা সাধারণত সংশ্লিষ্ট অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে ঘটে। এ অবস্থায় ওই ই-মেইলের কোনো জবাব না দেওয়াই নিরাপদ। ব্যবহারকারীরা চাইলে জিমেইলের স্প্যাম সতর্কবার্তায় থাকা 'মেসেজ লুকস সাসপিশাস' অপশনে ক্লিক করে বিষয়টি রিপোর্ট করতে পারেন, যা সাইবার নিরাপত্তা বাড়াতে সাহায্য করে।
অবাঞ্ছিত প্রেরককে ব্লক
নির্দিষ্ট কোনো প্রেরকের কাছ থেকে বারবার বিরক্তিকর ই-মেইল এলে তাকে ব্লক করা একটি কার্যকরী সমাধান। এ জন্য সংশ্লিষ্ট ই-মেইলটি খুলে ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে 'ব্লক' অপশন নির্বাচন করতে হবে। এটি ভবিষ্যতে ওই প্রেরকের সমস্ত ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম ফোল্ডারে পাঠিয়ে দেবে।
মেইলবম্বিং থেকে জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখা
মেইলবম্বিং হলো একধরনের সাইবার আক্রমণ, যার মাধ্যমে ব্যবহারকারীর ইনবক্সকে অকেজো করে দেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ ই-মেইলগুলো খুঁজে পেতে সমস্যা সৃষ্টি করে। জিমেইল এ ধরনের অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত করতে পারলে ব্যবহারকারীকে সতর্কবার্তা দেয়। সাধারণত হঠাৎ করে বিপুল পরিমাণ সাবস্ক্রিপশন বা প্রচারণামূলক ই-মেইল পাওয়া গেলে সেটিকে মেইলবম্বিংয়ের লক্ষণ হিসেবে বিবেচনা করা উচিত। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং জিমেইলের নিরাপত্তা সেটিংস পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।



