ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটককারী মার্কিন সামরিক অভিযান সম্পর্কিত গোপনীয় তথ্য ব্যবহার করে ‘পলিমার্কেট প্রেডিকশন মার্কেটে’ অত্যন্ত লাভজনক বাজি ধরার অভিযোগে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একজন মাস্টার সার্জেন্টকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মার্কিন বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।
অভিযোগের বিবরণ
বিচার বিভাগ জানায়, সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডাইক ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ এর পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন, যার মাধ্যমে জানুয়ারির শুরুতে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করা হয়। ম্যানহাটনের মার্কিন জেলা আদালতে বৃহস্পতিবার ২৩ এপ্রিল উন্মোচিত একটি অভিযোগপত্র অনুসারে, ৩৮ বছর বয়সি ভ্যান ডাইক ওই অভিযানের আগের সপ্তাহে প্রায় ১৩টি বাজিতে মোট প্রায় ৩৩ হাজার ডলার বাজি ধরেছিলেন এবং তিনি জানতেন যে, যুক্তরাষ্ট্র গোপনে মাদুরোর বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা করছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, বাজিগুলোতে ভ্যান ডাইক প্রায় ৪ লাখ ১০ হাজার ডলার জিতেছিলেন। বাংলাদেশি মুদ্রায় যা ৫ কোটি টাকারও বেশি। গ্রেপ্তারের এ ঘটনা এমন সময়ে ঘটল যখন পলিমার্কেট ও কালশি’র জনপ্রিয়তা বেড়েছে এবং অভ্যন্তরীণ তথ্য জানা ব্যক্তিরা এই প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্মগুলোতে বাজি ধরায় উদ্বেগ বাড়ছে।
পলিমার্কেটের প্রতিক্রিয়া
পলিমার্কেট এক বিবৃতিতে বলেছে, ‘ইনসাইডার ট্রেডিং প্রতিরোধ করার জন্য আমরা গত মাসে আমাদের উন্নত বাজার অখণ্ডতা বিধিমালা প্রকাশ করেছি।’ কোম্পানিটি বলেছে, যখন আমরা একজন ব্যবহারকারীকে সরকারের গোপনীয় তথ্য ব্যবহার করে লেনদেন করতে দেখি, তখন আমরা বিষয়টি বিচার বিভাগের কাছে হস্তান্তর করি এবং তাদের তদন্তে সহযোগিতা করি। পলিমার্কেটে ইনসাইডার ট্রেডিংয়ের কোনো স্থান নেই। আজকের এই গ্রেপ্তার তারই প্রমাণ।
সেনা সদস্যের অবস্থান
প্রতিবেদন অনুসারে, ভ্যান ডাইক নামের ওই সেনা নর্থ ক্যারোলাইনার ফেয়েটভিলের ফোর্ট ব্র্যাগে নিযুক্ত ছিলেন, যেখানে মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতারে জড়িত মার্কিন সামরিক বিশেষ বাহিনী মোতায়েন ছিল। তাকে নর্থ ক্যারোলাইনার পূর্বাঞ্চলীয় জেলার ফেডারেল আদালতের একজন ম্যাজিস্ট্রেট বিচারকের সামনে হাজির করা হবে বলে জানা গেছে।
বাজির সময়সীমা
ফৌজদারি অভিযোগপত্র অনুসারে, ২৬ ডিসেম্বর তিনি একটি পলিমার্কেট অ্যাকাউন্ট খোলেন এবং মাদুরো ও ভেনিজুয়েলা সম্পর্কিত প্রশ্ন নিয়ে মার্কেটগুলোতে ট্রেডিং শুরু করেন। এরপর ভ্যান ডাইক ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে পলিমার্কেটে বাজি ধরেন। এই ২রা জানুয়ারি ছিল কারাকাসে অভিযানের আগের দিন, যে অভিযানে মাদুরোকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, সেই সমস্ত বাজিতে এমন সব চুক্তির ওপর ‘হ্যাঁ’ অবস্থান নেওয়া হয়েছিল, যেগুলোতে বলা হয়েছিল যে এবছরের ৩১ জানুয়ারির মধ্যে মার্কিন বাহিনী ভেনিজুয়েলায় থাকবে। ওই তারিখের মধ্যে মাদুরো ক্ষমতাচ্যুত হবেন, ৩১ জানুয়ারির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সেই দেশে আক্রমণ করবে, অথবা ওই তারিখের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিরুদ্ধে যুদ্ধ ক্ষমতা আইন প্রয়োগ করবেন।
সূত্র: সিএনবিসি



