সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সার্ভিস অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপের হোমপেজে ‘বাংলা কিউআর’ পেমেন্ট অপশন দৃশ্যমান রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে আরও সম্প্রসারণের লক্ষ্যে শনিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
নির্দেশনা অবিলম্বে কার্যকর
নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার জন্য দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক ও এমএফএস অ্যাপে গ্রাহক নিবন্ধন বাড়াতে হবে এবং হোমপেজে বাংলা কিউআর অপশন এমনভাবে রাখতে হবে যাতে ব্যবহারকারীরা সহজেই এটি দেখতে ও ব্যবহার করতে পারেন।
মার্চেন্টদের বাধ্যতামূলক সংযুক্তি
এছাড়া ট্রেড লাইসেন্সধারী সব রিটেইল মার্চেন্টকে বাধ্যতামূলকভাবে বাংলা কিউআর চ্যানেলে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পূর্বঘোষিত ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’-এর নাম পরিবর্তন করে ‘Bangla QR বাস্তবায়ন ইউনিট’ করার নির্দেশও দেওয়া হয়েছে।
কর্মপরিকল্পনা জমা দেওয়ার সময়সীমা
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত গ্রাহক নিবন্ধন বৃদ্ধি এবং নতুন মার্চেন্ট অনবোর্ডিংয়ের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। সেই পরিকল্পনা আগামী ৩ জুন ২০২৬-এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে জমা দিতে হবে।
বাংলা কিউআর ব্র্যান্ডিং কর্মকর্তা নিয়োগ
ডিজিটাল পেমেন্ট কার্যক্রম আরও বিস্তৃত করতে প্রতিটি ব্যাংক শাখায় একজন কর্মকর্তাকে ‘বাংলা কিউআর ব্র্যান্ডিং কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে আগের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ জুনের মধ্যে সব মার্চেন্ট পয়েন্টে একক কিউআর কোড নিশ্চিত করার সময়সীমা বহাল থাকবে বলে জানানো হয়েছে।



