টিকটক সুপার অ্যাপ হওয়ার পথে, মিলবে নানা সুবিধা
টিকটক সুপার অ্যাপ হওয়ার পথে, মিলবে নানা সুবিধা

শুধু স্বল্প দৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে সীমাবদ্ধ না থেকে ধীরে ধীরে বহুমুখী ডিজিটাল সেবার কেন্দ্র হিসেবে নিজেদের গড়ে তুলছে টিকটক। ইতোমধ্যে প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছে টিকটক শপ, স্থানীয় স্থান খোঁজার ম্যাপ, সার্চ টুল, গেমস, হোটেল বুকিং সুবিধাসহ বিভিন্ন নতুন সেবা। পাশাপাশি আর্থিক প্রযুক্তি খাতেও প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সুপার অ্যাপের পথে টিকটক

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকটক ধীরে ধীরে ‘সুপার অ্যাপ’ হওয়ার পথে এগোচ্ছে। অর্থাৎ ব্যবহারকারীদের জন্য একাধিক সেবা একই প্ল্যাটফর্মে একত্রিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। চীনে সুপার অ্যাপ ধারণা ইতোমধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়। উদাহরণ হিসেবে উইচ্যাটে মেসেজিং, পেমেন্ট এবং বিভিন্ন ডিজিটাল সেবা একই অ্যাপের মাধ্যমে পাওয়া যায়। তবে চীনের বাইরে এ ধরনের মডেল কতটা সফল হবে, তা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবুও টিকটক এই পথেই এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ব্যবহারকারীদের কেন্দ্রীয় প্ল্যাটফর্মে ধরে রাখার কৌশল

বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীদের বিভিন্ন প্রয়োজনে আলাদা অ্যাপ ব্যবহারের পরিবর্তে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে ধরে রাখার কৌশল নিয়েছে টিকটক। বিশেষ করে টিকটক শপের সম্প্রসারণের পর প্রতিষ্ঠানটি অন্যান্য সেবাতেও একই ধরনের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বকাপের জন্য বিশেষ স্পোর্টস হাব

ক্রীড়াবিষয়ক কনটেন্টেও নিজেদের উপস্থিতি জোরদার করছে টিকটক। এর অংশ হিসেবে ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে একটি বিশেষ স্পোর্টস হাব চালু করেছে প্ল্যাটফর্মটি। এই হাবে ব্যবহারকারীরা ম্যাচের স্কোর, সূচি, পয়েন্ট তালিকা, ট্রেন্ডিং ভিডিও, ম্যাচের হাইলাইটস এবং খেলোয়াড়দের বিভিন্ন কনটেন্ট এক জায়গায় দেখতে পারবেন। ফলে ক্রীড়াপ্রেমীরা ম্যাচসংক্রান্ত তথ্য জানতে অ্যাপ থেকে বের হয়ে অন্য কোনো স্পোর্টস নিউজ সেবা ব্যবহারের প্রয়োজন অনুভব করবেন না।

টিকটকের ‘টিকটক গেমপ্ল্যান’ নামের স্পোর্টস পণ্যের মাধ্যমে এই বিশ্বকাপ হাব পরিচালিত হচ্ছে। এর লক্ষ্য হলো বিভিন্ন দল, লিগ এবং সম্প্রচারকারী প্রতিষ্ঠানের কনটেন্ট আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়া এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততা বাড়ানো। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার এবং মেজর লিগ বেসবল-এর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এক্সক্লুসিভ ও পর্দার আড়ালের বিশেষ কনটেন্টও সরবরাহ করছে টিকটক।

বিশেষজ্ঞদের মতে, নতুন এসব উদ্যোগের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে বহুমুখী ডিজিটাল সেবার প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে টিকটক।