মোবাইল অপারেটরদের অ্যাপ: দৈনন্দিন জীবনে সহজ ও গতিশীল সেবা
মোবাইল অপারেটরদের অ্যাপ: দৈনন্দিন জীবনে সহজ ও গতিশীল সেবা

দেশের টেলিযোগাযোগ খাত অ্যাপনির্ভর সেবার দিকে ব্যাপকভাবে ঝুঁকেছে। এসব অ্যাপের মাধ্যমে মুঠোফোনে বিভিন্ন সেবা ব্যবহারের জন্য কঠিন কোড মনে রাখার বদলে বা গ্রাহকসেবা কেন্দ্রে দীর্ঘ সময় অপেক্ষা করার দিন পেরিয়ে গ্রাহকেরা এখন ঘরে বসেই সব সুবিধা পাচ্ছেন। দেশের মোবাইল অপারেটরদের অ্যাপগুলো ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও গতিশীল করে তুলেছে। অ্যাপগুলোতে যেসব সুবিধা পাওয়া যায়, সেগুলো জেনে নেওয়া যাক।

মাইজিপি অ্যাপ

গুগল প্লে স্টোরে ৪.৪ স্টার রেটিং পাওয়া গ্রামীণফোনের অফিশিয়াল অ্যাপ মাইজিপি ইতিমধ্যে ১০ কোটির বেশিবার ডাউনলোড হয়েছে। অ্যাপটি সম্পর্কে ২৪ লাখের বেশিবার রিভিউ দিয়েছেন ব্যবহারকারীরা। অ্যাপটির অল নিউ ড্যাশবোর্ড চালু করলেই ব্যবহারকারীরা নিজেদের সর্বশেষ ব্যালান্স, অবশিষ্ট ইন্টারনেট ডেটা, টকটাইম এবং এসএমএসের পরিমাণ একনজরে দেখে নিতে পারেন।

অ্যাপটির আরেকটি আকর্ষণীয় দিক হলো এক্সপ্লোর বিভাগ, যেখানে সহজেই খেলাধুলা, সিনেমা, নাটক দেখার পাশাপাশি গেম খেলা এবং আবহাওয়া ও সংবাদের নিয়মিত হালনাগাদ তথ্য জানা যায়। কুমিল্লার তরুণ সামাজিক অধিকারকর্মী মো. ইউসুফ মিয়া বলেন, ‘মাইজিপি অ্যাপের অন্যতম সেরা ফিচার হলো ফ্লেক্সিপ্ল্যান, যার মাধ্যমে গ্রাহকেরা নিজেদের পছন্দমতো মিনিট ও ইন্টারনেটের প্যাক তৈরি করতে পারেন। এর ফলে আমি সহজেই নিজের পছন্দমতো এক দিন বা সাত দিনের জন্য ইন্টারনেট ডেটা কেনার সুযোগ পাচ্ছি। অ্যাপটির পারসোনালাইজড অফার বিভাগ থেকে ইন্টারনেট ডেটা কিনলে ১০ শতাংশ ইন্টারনেট বোনাসের পাশাপাশি জিপি পয়েন্টস অর্জন করা যায়। এই রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে পরবর্তী সময়ে সম্পূর্ণ বিনা মূল্য ইন্টারনেট ও এসএমএস প্যাক চালু করা সম্ভব।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অ্যাপটিতে একটি মূল অ্যাকাউন্টের পাশাপাশি সর্বোচ্চ ৩টি মোবাইল নম্বর এবং ১৫টি আইওটি ডিভাইস যুক্ত করে সেগুলোর ব্যালান্স ও প্যাকেজ নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ছাড়া এফএনএফ, ওয়েলকাম টিউন ও মিসড কল অ্যালার্টের মতো জরুরি সেবাগুলোও সহজে ব্যবহারের সুযোগ মিলে থাকে অ্যাপটিতে। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

মাই রবি অ্যাপ

রবি আজিয়াটা পিএলসির ফ্ল্যাগশিপ সেলফ সার্ভিস অ্যাপ মাই রবি গুগল প্লে স্টোর থেকে ইতিমধ্যে ৫ কোটির বেশিবার ডাউনলোড করা হয়েছে। কঠিন কোড মুখস্থ করার ঝামেলা এড়িয়ে গ্রাহকদের দ্রুত ও আধুনিক সেবা দিতে এই অ্যাপে যুক্ত করা হয়েছে নানা যুগোপযোগী ফিচার।

একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরামর্শক মো. আজিজুর রহমান নিয়মিত অ্যাপটি ব্যবহার করেন। অ্যাপটির কার্যকারিতা সম্পর্কে নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘মাই রবির ইজিপ্ল্যান অপশন থেকে আমি আমার বাজেট ও প্রয়োজন অনুযায়ী নিখুঁতভাবে মিনিট ও ইন্টারনেটের প্যাক বানিয়ে নিতে পারি। শুধু নিজের জন্য প্যাক তৈরিই নয়, এই ফিচারের মাধ্যমে যেকোনো কাস্টমাইজড প্যাক অন্য ব্যবহারকারীকে গিফট করা কিংবা সরাসরি ব্যালান্স ট্রান্সফার করার সুবিধাও রয়েছে।’

পারিবারিক ব্যবহারের জন্য অ্যাপটিতে সর্বোচ্চ ৫টি সেকেন্ডারি অ্যাকাউন্ট যুক্ত করে একই সঙ্গে ব্যবস্থাপনা করা যায়। পাশাপাশি মাই ফ্যামিলি প্যাক কিনে খুব সহজে পরিবারের সব সদস্যের সঙ্গে ডেটা শেয়ার করার দারুণ সুযোগ রয়েছে। মোবাইল রিচার্জ ও গ্যাস-বিদ্যুতের মতো ইউটিলিটি বিল পেমেন্টের সুবিধা ছাড়াও এতে রয়েছে আন্তর্জাতিক রোমিং সার্ভিস, আকর্ষণীয় কল রেট কাটার অফার এবং প্রিয়জনকে কলার টিউন শোনানোর জন্য গুনগুন সার্ভিস। টেলিকম সেবার বাইরে মাই রবি অ্যাপটিতে ব্রেকিং নিউজ, আকর্ষণীয় গেমস, লাইভ স্পোর্টস স্ট্রিমিং, ট্রাভেলের টিকিট বুকিং এবং অনলাইন শপিংয়ের মতো ডিজিটাল সুবিধা যুক্ত থাকায় এটি গ্রাহকদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও গতিশীল করে তুলেছে। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

মাইবিএল অ্যাপ

গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রাকে আরও সহজ ও সমৃদ্ধ করছে বাংলালিংকের অফিশিয়াল সেলফ সার্ভিস অ্যাপ মাইবিএল। গুগল প্লে স্টোরে ৪.৭ স্টার রেটিং পাওয়া অ্যাপটি ইতিমধ্যে ৫ কোটির বেশি ডাউনলোড হয়েছে। ব্যবহারকারী-বান্ধব নতুন ইন্টারফেসের কারণে গ্রাহকেরা এখন খুব সহজেই ব্যালান্স জানা, মোবাইল রিচার্জ, ইমার্জেন্সি ব্যালান্স এবং কল বা ইন্টারনেট ব্যবহারের ইতিহাস দেখতে পারছেন।

বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘মাইবিএল অ্যাপের আমার অফার অপশন থেকে সহজেই মিনিট, ইন্টারনেট বা মিক্সড বান্ডেল কেনা এবং এফএনএফ তালিকা ব্যবস্থাপনা করা যায়। মাইবিএল এখন একটি পূর্ণাঙ্গ সুপার অ্যাপ। এর ডিজিটাল সার্ভিস সেকশনে যুক্ত হয়েছে বিনোদন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো নানা আধুনিক সুবিধা। অ্যাপটিতে গান ও রেডিও শোনাসহ গেম খেলা যায়। পাশাপাশি গ্যাস-বিদ্যুতের মতো ইউটিলিটি বিল পরিশোধ, অনলাইনের মাধ্যমে ট্রাভেল টিকিট বুকিং, ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ওষুধ ডেলিভারি পাওয়ার সুবিধাও রয়েছে অ্যাপটিতে। এমনকি ঘরে বসে বিভিন্ন দক্ষতা উন্নয়ন কোর্সে অংশ নেওয়ার সুযোগও পাওয়া যায়। ইন্টারনেট প্যাক শেষ হয়ে গেলেও অ্যাপটি চালানো যায় এবং পাসওয়ার্ড ছাড়াই ওটিপি দিয়ে লগইন করা সম্ভব।’ অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

মাই এয়ারটেল অ্যাপ

টেলিকম সেবাকে বন্ধুদের আড্ডার মতো সহজ ও আনন্দদায়ক করতে রবি আজিয়াটা পিএলসির বিশেষ অ্যাপ মাই এয়ারটেল দারুণ জনপ্রিয়তা পেয়েছে। গুগল প্লে স্টোরে ৪.৭ স্টার রেটিং পাওয়া অ্যাপটি ইতিমধ্যে ১ কোটির বেশিবার ডাউনলোড করা হয়েছে এবং এতে রয়েছে ৯ লাখ ৭ হাজারের বেশি রিভিউ। মূলত তরুণ গ্রাহকদের ট্রেন্ডি লাইফস্টাইল ও বাজেটবান্ধব চাহিদাকে মাথায় রেখে অ্যাপটি সাজানো হয়েছে, যা গ্রাহকদের কঠিন কোড ডায়াল করার ঝামেলা থেকে মুক্তি দিচ্ছে।

গ্রাহকেরা এই অ্যাপের মাধ্যমে মাত্র কয়েক ক্লিকেই ব্যালান্স চেক, মোবাইল রিচার্জ এবং কল বা ইন্টারনেট ডেটা ব্যবহারের ইতিহাস দেখতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী কে এম ইমরুল হাসান বলেন, ‘আমি নিয়মিত মাই এয়ারটেল অ্যাপ ব্যবহার করি। অ্যাপটির অন্যতম আকর্ষণীয় ফিচার হলো মাই প্যাক বা আমার প্যাক, যেখান থেকে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো মিনিট ও ইন্টারনেটের ভলিউম মিলিয়ে কম খরচে কাস্টমাইজড প্যাক বানিয়ে নিতে পারেন। শুধু নিজের জন্য প্যাক কেনাই নয়, বিপদের সময় যেকোনো বন্ধুকে অ্যাপ থেকে সরাসরি প্যাক উপহার কিংবা ব্যালান্স পাঠানোর সুবিধাও রয়েছে অ্যাপটিতে।’

অ্যাপটির মাধ্যমে চাইলে জনপ্রিয় ওয়েব সিরিজ ও মুভি দেখার পাশাপাশি অনলাইন কেনাকাটা, খবরের কাগজ পড়া এবং ট্রাভেলের টিকিট কাটা সম্ভব। এ ছাড়া আকর্ষণীয় কল রেট চালুসহ কলার টিউন হিসেবে এয়ারটেল টিউন সেট করা এবং ঘরে বসেই ‘ডোরস্টেপ সিম সার্ভিস’ ও ‘রোমিং’ সেবা চালু করার সুবিধা রয়েছে অ্যাপটিতে। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

মাই টেলিটক অ্যাপ

দেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের অফিশিয়াল সেলফ সার্ভিস অ্যাপ মাই টেলিটক। গুগল প্লে স্টোরে ৪.১ স্টার রেটিং পাওয়া এই লাইট অ্যাপটি ইতিমধ্যে ৫০ লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে। অন্য মোবাইল অপারেটরদের অ্যাপের মতো রিচার্জ ও ইন্টারনেট প্যাক কেনার সুবিধার পাশাপাশি কিছু ব্যতিক্রমী ভ্যালু অ্যাডেড সার্ভিসের কারণে অ্যাপটি গ্রাহকদের কাছে সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা তৈরি করেছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের তথ্যপ্রযুক্তি কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, ‘অ্যাপের হোমপেজ থেকেই মূল ব্যালান্স, টকটাইম, ইন্টারনেট ভলিউম এবং এসএমএস ব্যালান্সের নিখুঁত তথ্য তাৎক্ষণিকভাবে দেখা যায়। এ ছাড়া বিভিন্ন প্যাকেজের ট্যারিফ প্ল্যান তুলনা করা, সর্বশেষ অফার ও ক্যাম্পেইনের হালনাগাদ তথ্য জানার পাশাপাশি টেলিচার্জ ফিচারের মাধ্যমে খুব সহজে এক টেলিটক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নিরাপদে ব্যালান্স ট্রান্সফারের সুবিধা মিলে থাকে। তবে মাই টেলিটক অ্যাপের সবচেয়ে ভালো দিক হচ্ছে এর শিক্ষা ও কর্মসংস্থানবিষয়ক পেমেন্ট সুবিধা, যা অন্য কোনো অপারেটরের অ্যাপে পাওয়া যায় না।’

অ্যাপটির মাধ্যমে চাকরিপ্রার্থীরা বিসিএস পরীক্ষাসহ সরকারি ও বেসরকারি চাকরির আবেদন ফি সরাসরি পরিশোধ করতে পারেন। একইভাবে শিক্ষার্থী গ্রাহকেরা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের ভর্তি পরীক্ষার ফি, বোর্ড পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের ফি সহজে জমা দেওয়া যায়। পল্লী বিদ্যুৎসহ অন্যান্য ইউটিলিটি বিল পেমেন্টের সুবিধাও রয়েছে অ্যাপটিতে। সাধারণ টেলিকম সেবার গণ্ডি পেরিয়ে নাগরিক ও প্রাতিষ্ঠানিক প্রয়োজনের এক নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে মাই টেলিটক অ্যাপ। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।