জাতীয় মান উন্নয়নে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে মান ভবনে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জনবল সংকট ও প্রযুক্তিগত উন্নয়ন
শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআইয়ের জনবল সংকট দূর করার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর, আধুনিক ও সক্ষম করে তোলা হবে। তিনি বলেন, ভোক্তা সুরক্ষা নিশ্চিত করা, পণ্যের মান নিয়ন্ত্রণ জোরদার করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিএসটিআইয়ের ভূমিকা আরও শক্তিশালী করা প্রয়োজন।
বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য
এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ছিল ‘নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, সরকার প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করবে।



