শেয়ারবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৩০ শতাংশ বা ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার শেয়ার কিনে নিচ্ছে আকিজ রিসোর্সেস। আজ শনিবার ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের পরিচালনা পর্ষদের সভায় এই শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
শেয়ার বিক্রির বিস্তারিত
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার ডমিনেজ স্টিলের প্রতিটি শেয়ারের দাম ছিল ৬০ টাকা ৬০ পয়সা। সেই হিসাবে ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ১৮৬ কোটি টাকার বেশি। ডমিনেজ স্টিলের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস তাদের মোট শেয়ার থেকে ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার বা ৩০ শতাংশ শেয়ার নির্ধারিত মূল্যে অফ-মার্কেটের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এই শেয়ার কিনবে আকিজ রিসোর্সেস।
কোম্পানিটি ওই শেয়ার হস্তান্তরের অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন জমা দেবে। বিএসইসির অনুমোদনের পর শেয়ার বিক্রির এই কার্যক্রম সম্পন্ন হবে। এ জন্য আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিনের সঙ্গে বিক্রয় চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছে ডমিনেজ স্টিল। শেয়ার হস্তান্তরের পর নতুন পরিচালনা পর্ষদ কোম্পানির ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব নেবে।
আকিজ রিসোর্সেস গ্রুপ
আকিজ রিসোর্সেস লিমিটেড দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী, যাদের স্টিল ও নির্মাণশিল্পের বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে। শেয়ার বিক্রির পর নতুন ব্যবস্থাপনার আওতায় ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস সাম্প্রতিক পরিচালনগত চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে উৎপাদন কার্যক্রম পুরোপুরি শুরু করবে বলে আশা করছে ডমিনেজ স্টিলের পরিচালনা পর্ষদ। ফলে কোম্পানির ওপর ইতিবাচক প্রভাব পড়বে এবং শেয়ারধারীরা উপকৃত হবেন বলেও মনে করে ডমিনেজ স্টিল।
২০২০ সালের এপ্রিলে আকিজ রিসোর্স গ্রুপ নামে তাদের আলাদা ব্যবসা শুরু করে। তার আগে তারা উত্তরাধিকারসূত্রে পাওয়া আকিজ গ্রুপের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। ২০২০ সালে আলাদা ব্যবসা শুরুর আগে আকিজ রিসোর্স গ্রুপ উত্তরাধিকারসূত্রে আকিজ সিমেন্ট, শিপিং ও ভোগ্যপণ্যের ট্রেডিং ব্যবসা পেয়েছিল। আলাদা ব্যবসা শুরুর পর দ্রুতই ব্যবসা সম্প্রসারণ শুরু করেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ জসিম উদ্দিন।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশি-বিদেশি বিনিয়োগ তলানিতে নেমেছে। এমন পরিস্থিতিতে গত বছর পোলট্রি ও প্রাণী খাদ্য, হালকা প্রকৌশল, ফার্মেসি ও জবস—এই চার নতুন ব্যবসায় যুক্ত হয় আকিজ রিসোর্স গ্রুপ। এসব খাতে গ্রুপটি বিনিয়োগ করে প্রায় ৫০০ কোটি টাকা। এতে নতুন করে দেড় হাজার মানুষের কর্মসংস্থান হয়। আরও কয়েকটি নতুন ব্যবসা নিয়ে আসার পরিকল্পনা করছে শিল্পগোষ্ঠীটি। তারই ধারাবাহিকতায় এবার স্টিলের কারখানার ৩০ শতাংশ শেয়ার কিনছে আকিজ রিসোর্সেস।
বর্তমানে আকিজ রিসোর্সেসের নির্মাণসামগ্রী, ট্রেডিং, তথ্যপ্রযুক্তি, ভোগ্যপণ্য, শিপিং, হালকা প্রকৌশলসহ ১১ খাতে ব্যবসা রয়েছে। শিল্পগোষ্ঠীটির প্রতিষ্ঠানের সংখ্যা ২৫। প্রতিষ্ঠানগুলোয় কাজ করেন প্রায় ১০ হাজার মানুষ। ২০২৪-২৫ অর্থবছরে আকিজ রিসোর্সেস গ্রুপের লেনদেন ছিল প্রায় ১০ হাজার কোটি টাকা।



