টানা বর্ষণে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। সচল হয়েছে কেন্দ্রের ৫টি ইউনিট। উৎপাদন হচ্ছে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
পানি বৃদ্ধিতে উৎপাদন বাড়ল
কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা হতে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট একযোগে চালু করা সম্ভব হয়েছে। এতে কেন্দ্রে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ১ ও ২নং ইউনিট দিয়ে প্রতিটিতে ৩২ মেগাওয়াট করে ৬৪ মেগাওয়াট, ৩নং ইউনিট দিয়ে ৩০ মেগাওয়াট এবং ৪ ও ৫নং ইউনিটের প্রতিটিতে ২৫ মেগাওয়াট করে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। ৫টি ইউনিটের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪০ মেগাওয়াট।
কেন্দ্র ব্যবস্থাপকের বক্তব্য
কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, "টানা বৃষ্টিতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা কয়েকদিন ধরে বাড়ছে। ফলে পানির ওপর নির্ভরশীল এ বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট মঙ্গলবার সন্ধ্যা হতে একযোগে চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।"
পানির উচ্চতা ও পূর্বের অবস্থা
তিনি জানান, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ৭৯ দশমিক ৮৬ ফুট বা এমএসএল (মিন সি লেভেল)। তবে রুলকার্ভ অনুযায়ী এ সময়ে হ্রদে পানি থাকার কথা ৮৪ দশমিক ৯৬ ফুট। হ্রদে পানি স্বল্পতার কারণে গত কয়েক মাস ধরে প্রায় সময় একটি বা কখনো দুটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করতে হয়েছে। পানি বাড়ায় সোমবার তিনটি এবং মঙ্গলবার থেকে সবকটি ইউনিট একযোগে চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।



