যুদ্ধ, নিষেধাজ্ঞা ও চলমান অর্থনৈতিক সংকটের প্রভাবে ইরানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দ্রুত বাড়ছে। খাদ্য ও ওষুধের পাশাপাশি গাড়ি, ইলেকট্রনিকস এবং পেট্রোকেমিক্যাল পণ্যের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইফোনের দামে চোখ কপালে
বাজারে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অ্যাপলের নতুন আইফোন ১৭ প্রো ম্যাক্স (২৫৬ জিবি)। যুক্তরাষ্ট্রে এই মডেলের দাম প্রায় ১,২০০ ডলার হলেও ইরানের কিছু দোকানে এটি বিক্রি হচ্ছে প্রায় ৫০০ কোটি রিয়ালে, অর্থাৎ প্রায় ২,৭৫০ ডলারে। দামের এই পার্থক্য দেশটির অর্থনৈতিক অস্থিরতাকে স্পষ্ট করে তোলে।
মুদ্রার মান রেকর্ড নিম্নে
অর্থনৈতিক অস্থিরতায় ইরানি মুদ্রা ‘রিয়াল’ রেকর্ড নিম্ন পর্যায়ে নেমে এসেছে। বর্তমানে ১ ডলার সমান প্রায় ১৮.৪ লাখ রিয়াল পর্যন্ত পৌঁছেছে। এতে করে আমদানি নির্ভর পণ্যের দাম আরও বেড়েছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করছে।
কর্মসংস্থানের সংকট
দাম বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের পরিস্থিতিও খারাপ হয়েছে। বড় কোম্পানি থেকে শুরু করে প্রযুক্তি প্রতিষ্ঠান ও ইস্পাত কারখানাগুলো পর্যন্ত কর্মী ছাঁটাই বা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হচ্ছে। বিশ্লেষকদের মতে, স্থানীয় অব্যবস্থাপনা এবং ইন্টারনেট শাটডাউন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে
প্রতিবেদনে স্থানীয়দের বরাতে দিয়ে বলা হয়েছে, মানুষের আয় ও ব্যয়ের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে। অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং ইন্টারনেট বন্ধ থাকার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর সঙ্গে দেশটির মুদ্রা রিয়ালের মানও ক্রমাগত কমে যাচ্ছে, যা সামগ্রিক অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে তুলছে।



