ঝড়ো আবহাওয়ায় ঢাকা বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন, কলকাতায় চলে গেল একটি ফ্লাইট
ঝড়ো আবহাওয়ায় ঢাকা বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঝড়ো আবহাওয়ার কারণে কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে এসব ফ্লাইট অবতরণের কথা ছিল বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইট কলকাতায়

বিমানবন্দর সূত্র জানায়, চীনের গুয়াংজু থেকে ছেড়ে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুপুর ১২টার দিকে ঢাকায় অবতরণের কথা ছিল। তবে ঢাকার আকাশে কিছুক্ষণ অবস্থান করেও প্রতিকূল আবহাওয়ার কারণে সেটি অবতরণ করতে না পেরে ভারতের কলকাতার উদ্দেশে চলে যায়।

অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রামে ফিরে

একই সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের শেষ পর্যায়ে গিয়ে ঢাকায় নামতে পারেনি। পরে সেটি পুনরায় চট্টগ্রামে ফিরে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য ফ্লাইটেও বিঘ্ন

ঝড়ো আবহাওয়ার কারণে এ সময় আরও কয়েকটি ফ্লাইটের সূচিতে বিঘ্ন ঘটে। এর মধ্যে কাতার এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও থাই এয়ারওয়েজের একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি।

আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুপুর সাড়ে ১২টার পর থেকে ধাপে ধাপে ফ্লাইটগুলোর অবতরণ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকার আকাশে ঝড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য অবতরণ কার্যক্রমে জটিলতা তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাইলটরা বিকল্প সিদ্ধান্ত নেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ