হবিগঞ্জে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০
হবিগঞ্জে বাস সংঘর্ষে নিহত ২, আহত ২০

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় ও আহতদের অবস্থা

নিহতদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান ইউনিক পরিবহণের বাসচালক কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা তাজুল ইসলাম (৫০)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে লাকি পরিবহণের চালকসহ উভয় বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহণের একটি যাত্রীবাহী বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহণের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে লাকি পরিবহণের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যান চলাচল ব্যাহত ও উদ্ধার কার্যক্রম

দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বাহুবল ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ সম্পন্ন করে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুর্ঘটনাস্থলে থাকা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন, “দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহণের বাসচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের মধ্যে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।”