জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ফল উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ১৯ মে ২০২৬ ছবি: আয়োজকদের সৌজন্যে
ফল উৎসবে ৪২ ধরনের দেশি ফল
নানা ধরনের দেশি ফল প্রদর্শন ও ফলাহারের মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাবে দিনব্যাপী ফল উৎসব উদ্যাপিত হয়েছে। আজ শুক্রবার এই আয়োজনে ৪২ ধরনের দেশি ফল রাখা হয়। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ফল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে ক্লাবের থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া ও সঞ্চালনায় ছিলেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাদের গনি চৌধুরী।
ফলের সমারোহ
ফল উৎসবে আমের জনপ্রিয় জাত আম্রপালি, ফজলি, হাঁড়িভাঙ্গাসহ মোট ৪২ ধরনের দেশি ফল রাখা হয়। এ ছাড়া ছিল জাম্বুরা, কলা, কামরাঙা, আমলকী, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, জামরুল, তাল, লেবু, বাতাবি লেবু, লিচু, বিলাতি গাব, জাম, সফেদা, তরমুজ, বাঙ্গি, সাম্মাম, তালের শাঁস, কাঠবাদাম ও দেশি খেজুর।
সাংস্কৃতিক অনুষ্ঠান
সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু। সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা ফল উৎসব ও সংগীতানুষ্ঠান উপভোগ করেন।
অন্যান্য অতিথি
এ সময় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসিন, মাসুমুর রহমান, শাহনাজ বেগম, মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্লাবের জ্যেষ্ঠ সদস্যরা সপরিবার উপস্থিত ছিলেন।



