যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন- উলাসী খালপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং উলাসী গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।
দুর্ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য
শার্শা থানার ভারপ্রাপ্ত ওসি মারুফ হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী যানটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। তিনি আরও জানান, ট্রাকচালক ও সহকারীকে শনাক্তে কাজ করছে পুলিশ।



