সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শ্রমিকের মধ্যে দুই জন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামের দিনমজুর গফফার মিয়ার ছেলে। তার তিন ছেলে ও এক মেয়ে। ছোট ছেলে আলা উদ্দিন পাঁচ বছর আগে কুকুরের কামড়ে মারা গেছেন। রবিবার (৩ মে) সড়ক দুর্ঘটনায় মারা গেলেন- অন্য দুই ছেলে আজির উদ্দিন (৩০) ও আমির উদ্দিন (২৮)। এই ঘটনায় পুত্রহীন হলেন গফফার মিয়া।
ঘটনার পর থেকেই বাকরুদ্ধ গফফার মিয়া। তিনি বলছিলেন, ‘আমি আর বাইচ্ছা থাকমু কিলা, আমারে বিষ আইন্না দেয়’। গফফার মিয়ার চার সন্তানের মধ্যে বর্তমানে বেঁচে আছেন একজনই। তার নাম রাজমিনা বেগম। তিনিও বাক প্রতিবন্ধী। বিয়ে দিলেও এক সন্তান হওয়ার পর স্বামী তালাক দেয়। রাজমিনা সন্তানসহ বাবার সংসারেই আছেন।
ভাঙাচোরা ঘরে বসবাস
বিশ্বম্ভরপুর উপজেলা সদরের পাশেই মুক্তিখলা গ্রাম। এই গ্রামের বসতবাড়ির সবচাইতে ভাঙাচোরা ঘরটিই আব্দুল গফফারের ঘর। ছোট্ট ঘরটিতে অসুস্থ স্ত্রী শামছুন্নাহার, এক পুত্রবধূ, নাতি-নাতনি ও কন্যা নিয়ে বসবাস। নিহত আজির উদ্দিনের দুই থেকে পাঁচ বছর বয়সি তিন সন্তান। আর আমির উদ্দিন ছিলেন অবিবাহিত।
নিহত আজির ও আমিরের চাচাতো ভাই মুনসুর আলী বললেন, এলাকায় কাজ করলে টাকা পয়সা তেমন পাওয়া যায় না। আমার চাচি শামছুন্নাহার অসুস্থ, তার চিকিৎসায় খরচ লাগে। এবার হাওরের ধানও ডুবে গেছে। এ জন্য তারা দুই ভাইই ঠিকাদারের সঙ্গে ঢালাইয়ের কাজ করতে সিলেটে যায়। রবিবার বিকালে দুই জনের মারা যাওয়ার সংবাদ পাবার পর চাচা ও চাচীর অবস্থা কী হয়েছে, সামনে না থাকলে বোঝা যাবে না।
মুনসুর আলী বললেন, তাদের কী বলে সান্ত্বনা দেবো, ভাষা আমাদের জানা নেই ভাই।
দিরাইয়ের শোক
অন্যদিকে একই দুর্ঘটনায় নিহত দিরাইয়ের ফরিদুল ইসলামের (৩৫) স্বজনদের আহাজারিতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ফরিদুল ইসলাম দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নূর নগর গ্রামের নূর সালামের ছেলে। নাহিদ (১১), হামিদ (৯) ও নাইমা (৭) নামে ফরিদুলের তিন সন্তান রয়েছে। তাদের এখন কী হবে প্রশ্ন করে একই গ্রামের প্রতিবেশী ইউপি সদস্য শামছুল ইসলাম বললেন, এই দিনমজুরের পাশে সরকার দাঁড়াবে এটাই আশা করি আমরা।
একই দুর্ঘটনায় নিহত হয়েছেন দিরাই উপজেলার ৬০ বছর বয়সী শ্রমিক নুরুজ আলী। ঋণের যন্ত্রণায় তিনি এলাকা ছেড়েছেন বলে জানালেন স্থানীয় বিএনপি নেতা রজব আলী। তিনি বললেন, নুরুজ আলী মূলত বর্গাচাষি। তার দুই মেয়ে বিয়ে দিয়েছেন। তিন ছেলেকে নিয়ে পাওনাদারের যন্ত্রণায় এলাকা ছেড়েছেন। কৃষি কাজ করে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই উপজেলার আরও দুই নির্মাণশ্রমিক রাজা মিয়া ও আফরুজ মিয়া গুরুতর আহত হয়েছেন এই দুর্ঘটনায়।
রবিবার সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজারে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। তারা সবাই নির্মাণশ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন ছয় জন।



