পরিবহনে শৃঙ্খলা আনতে বদ্ধপরিকর সরকার: মন্ত্রী
পরিবহনে শৃঙ্খলা আনতে বদ্ধপরিকর সরকার: মন্ত্রী

সরকার যেকোনো মূল্যে পরিবহনে শৃঙ্খলা আনতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার সকালে সচিবালয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

পরিবহনে শৃঙ্খলা আনতে সরকারের উদ্যোগ

মন্ত্রী বলেন, পরিবহনে শৃঙ্খলা আনতে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি যাত্রীদের সচেতনতার বিকল্প নেই। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই সেক্টরে মানুষের দুর্ভোগ কমানো সম্ভব নয়।

যাত্রী কল্যাণ সমিতির দাবি

দেশের মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌ-যোগাযোগখাতে পরিবহন পরিচালনার আইন ও বিধিমালা সংস্কার করে যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভায় যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেন, দীর্ঘ দুই যুগ ধরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী স্বার্থ বিষয়ে একটি নিবন্ধিত সংগঠন হিসেবে যাত্রী কল্যাণ সমিতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভাড়া নির্ধারণ ও যাত্রীসেবা দেওয়া সংক্রান্ত বিভিন্ন কমিটিতে দীর্ঘদিন ধরে আপসহীনভাবে প্রতিনিধিত্ব করে আসছিল।

পরিবহন খাতে নৈরাজ্য ও বিশৃঙ্খলা

বিগত ফ্যাসিস্ট সরকারের অনুগত কতিপয় পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের মাফিয়া নেতাদের চাপে তৎকালীন সরকার যাত্রী কল্যাণ সমিতিকে বাদ দিয়ে মালিক-শ্রমিক সংগঠন নিয়ে একচেটিয়েভাবে পরিবহন সেক্টর পরিচালনা করার কারণে পরিবহনের নৈরাজ্য, বিশৃঙ্খলা, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি, সড়ক দুর্ঘটনা, সড়কে অবৈধ যানবাহন বেপরোয়াভাবে বেড়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যাত্রীসাধারণের অংশগ্রহণ জরুরি

পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে দেশের বৃহত্তর ভুক্তভোগী অংশীজন যাত্রীসাধারণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তাই বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বিগত ফ্যাসিস্ট সরকার বাতিল করা কমিটিগুলো পুনরায় অন্তর্ভুক্তির জন্য নতুন সরকারের সড়ক পরিবহন, রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রীর কাছে দাবি জানানো হচ্ছে।

বাস ভাড়া ও আইন সংস্কারের দাবি

সভায় বাস ভাড়া নির্ধারণ, পরিবহনের আইন ও বিধি পরিবর্তন, যাত্রীসাধারণের সুযোগ-সুবিধা নির্ধারণ, যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিটি ফোরামে মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী নানাবিধ দাবী দাওয়ার প্রতিটি বিষয় ধৈর্য সহকারে শোনেন এবং শিগ্‌গিরই প্রতিটি বিষয় ধারাবাহিকভাবে বাস্তবায়নের আশ্বাস দেন।