চিলমারীতে বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান, দিশেহারা ১২ হাজার কৃষক
চিলমারীতে বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান, দিশেহারা কৃষক

কুড়িগ্রামের চিলমারীতে গত কয়েকদিনের ভারি বর্ষণে বোরো মৌসুমের সব প্রজাতির পাকা, অর্ধপাকা ও কাঁচা ধান তলিয়ে যাচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার প্রায় ১২ হাজার কৃষক।

জলাবদ্ধতায় ধানের জমি

কৃষকরা জানান, গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে ধানের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাকা ধান বৃষ্টির মধ্যে পানি থেকে কেটে নিলেও অর্ধপাকা এবং কাঁচা ধান নিয়ে তারা বিপাকে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, নিচু জমির ধান প্রায় পুরোপুরি তলিয়ে গেছে। অপেক্ষাকৃত উঁচু জমিতেও জলাবদ্ধতা দেখা দিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কৃষকের প্রতিক্রিয়া

কৃষক লিয়াতক আলী জানান, ঘন বৃষ্টি ও হালকা বাতাসের কারণে প্রায় এক বিঘা জমির কাঁচা ধান পানিতে পড়ে গেছে। আরেক কৃষক ইয়াকুব আলী বলেন, তার ১৪ কাঠা জমির ধান পুরোটাই পানিতে নেতিয়ে পড়েছে।

বোরো মৌসুমে ধানের আবাদ ভালো হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন কৃষকরা, কিন্তু টানা বর্ষণ ও মৃদু বাতাসে কাঁচা ধান পানিতে পড়ে যাওয়ায় তারা হতাশ।

কৃষি অফিসের পরামর্শ

উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র জানান, উপজেলায় প্রায় ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধান রোপণ করেছেন প্রায় ১২ হাজার চাষি। সম্প্রতি ঘন ও ভারী বর্ষণের ফলে অধিকাংশ জমির ধান পানিতে পড়ে গেছে।

কৃষকদের ধানের ৮০ শতাংশ পাকা হলে তা কেটে নেওয়া, জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং কয়েকটি ধানের গোছা একত্রে বেঁধে দাঁড় করিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি অফিস ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ