রাঙামাটির কাপ্তাইয়ে বিপন্ন প্রজাতির একটি নিষিদ্ধ বাঘাইড় মাছ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে পরিচালিত অভিযানে কাপ্তাই উপজেলা সদরের জেটিঘাট থেকে মাছটি উদ্ধার করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন কাপ্তাই রেঞ্জের কর্মকর্তারা। উদ্ধার করা মাছটির ওজন ১৬ কেজি।
মাছটি মাটিতে পুঁতে ফেলা
উদ্ধারের পর রাতেই স্থানীয়দের উপস্থিতিতে মাছটি কেরোসিন তেল দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা। বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে মাছটি উদ্ধার করা হয়েছে। মাছটি সম্ভবত কর্ণফুলী নদী থেকে শিকার করে বিক্রির জন্য বাজারে নেওয়া হচ্ছিল। এ সময় খবর পেয়ে অভিযান চালালে মাছটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়।
বাঘাইড় মাছের আইনি অবস্থা
বাংলাদেশে এ প্রজাতির মাছ বিলুপ্তপ্রায়। তাই বংশবৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যে এ প্রজাতির মাছ বাংলাদেশে শিকার, পরিবহণ ও কেনাবেচা আইনত নিষিদ্ধ। তিনি জানান, উদ্ধার করা মাছটি কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মজিবুর রহমান ও বন বিভাগের কর্মকর্তাসহ লোকজনের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।



