বরিশাল নগরের বেলস পার্কসহ সব উদ্যান, খেলার মাঠ, ফুটপাত ও জলাশয় দখলমুক্ত ও উন্মুক্ত রাখার দাবিতে আজ রোববার দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশালের সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে নগরের বেলস পার্কে এই কর্মসূচি পালিত হয়। এতে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিবেশ আন্দোলনের কর্মীরা অংশ নেন। সংহতি প্রকাশ করে অংশ নেন ওই এলাকায় অবস্থিত সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের কয়েক শ শিক্ষার্থী।
বক্তাদের বক্তব্য
বক্তারা বলেন, বরিশাল নগরের একমাত্র বড় উদ্যান বেলস পার্ক। নগরবাসী প্রতিদিন কোলাহলমুক্ত পরিবেশে সময় কাটাতে এবং হাঁটার জন্য এখানে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে হকারদের দখলে থাকায় নগরবাসী এই বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। সম্প্রতি সিটি করপোরেশন হকারদের উচ্ছেদ করলেও তারা আবার উদ্যান দখলের জন্য আন্দোলন শুরু করেছেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বরিশাল বিভাগীয় সমন্বয়ক রফিকুল আলম বলেন, 'নগরের ৩০টি ওয়ার্ডে খেলার মাঠগুলো দখল হয়ে আছে। ফুটপাত ও জলাশয়গুলোও একে একে দখলে চলে যাওয়ায় শিশুদের খেলাধুলার সুযোগ সংকুচিত হচ্ছে। জলাশয় দখলের কারণে পরিবেশের বিরূপ প্রভাব পড়ছে। নগর প্রশাসনের কাছে আমাদের দাবি, অবিলম্বে এসব খেলার মাঠ দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করা হোক।'
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন বলেন, 'নগরের সব কটি খাল-পুকুর ও দিঘি একের পর এক ভরাট করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যা নগরের সামগ্রিক পরিবেশকে বিপন্ন করছে। এসব জলাশয় ভরাটের কাজ নির্বিঘ্নে চললেও প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নির্বিকার।'
অন্যান্য বক্তা
সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, ক্যাবের জেলা সাধারণ সম্পাদক রনজিত দত্ত, নারীনেত্রী রাজিয়া আক্তার, বেবি জেসমিন, পরিবেশ সংগঠক কাজী মিজানুর রহমান, নাইমুর রহমান, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তপন কুমার সাহা এবং দশম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ আলম ও তাবাসসুম আকতার।
শিক্ষার্থী জুনায়েদ আলম বলেন, 'বেলস পার্ক হকারদের দখলে থাকায় আমাদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় মারাত্মক দুর্ভোগে পড়তে হতো। সম্প্রতি হকার উচ্ছেদ করায় স্বস্তি ফিরেছে। কিন্তু এখন আবার হকাররা উদ্যান দখল করতে চাইছেন, যা আমাদের পুনরায় আশঙ্কায় ফেলেছে।'



