কুরবানির মাংস সংরক্ষণে সাধারণ ভুল ও সমাধান
কুরবানির মাংস সংরক্ষণে সাধারণ ভুল ও সমাধান

কুরবানির ঈদে মাংস ভাগ-বাটোয়ারা ও সংরক্ষণ নিয়ে ব্যস্ততা থাকে প্রায় প্রতিটি পরিবারেই। তবে অসচেতনতা ও কিছু সাধারণ ভুলের কারণে অনেক সময় সংরক্ষিত মাংসের মান নষ্ট হয়, দেখা দেয় দুর্গন্ধ, জায়গা সংকট কিংবা সঠিকভাবে জমে না থাকার মতো নানা সমস্যা।

মাংস সংরক্ষণের সাধারণ ভুল

বিশেষজ্ঞদের মতে, মাংস সংরক্ষণের ক্ষেত্রে কিছু মৌলিক নিয়ম মেনে চললেই এসব ঝুঁকি অনেকাংশে এড়ানো সম্ভব। কুরবানির মাংস সংরক্ষণে যেসব ভুল সবচেয়ে বেশি দেখা যায়, তার মধ্যে রয়েছে—

আগে থেকে ফ্রিজ প্রস্তুত না রাখা

ঈদের আগ পর্যন্ত অনেকের ফ্রিজেই পুরোনো খাবার, অপ্রয়োজনীয় প্যাকেট বা দীর্ঘদিনের জমে থাকা নানা জিনিস জায়গা দখল করে রাখে। ফলে কুরবানির মাংস সংরক্ষণের সময় পর্যাপ্ত জায়গার অভাব দেখা দেয়। তাই বিশেষজ্ঞরা ঈদের অন্তত এক-দুই দিন আগে ফ্রিজ পরিষ্কার ও প্রয়োজনীয়ভাবে গুছিয়ে রাখার পরামর্শ দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গরম বা সদ্য কাটা মাংস সরাসরি ফ্রিজে রাখা

অনেকেই মাংস কাটার পরপরই প্যাকেট করে ফ্রিজে রেখে দেন। এতে ফ্রিজের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে যেতে পারে, যা অন্য সংরক্ষিত খাবারের ওপরও প্রভাব ফেলে। মাংস কিছুটা স্বাভাবিক তাপমাত্রায় এলে তা প্যাকেট করে সংরক্ষণ করা বেশি নিরাপদ।

ফ্রিজে অতিরিক্ত মাংস গাদাগাদি করে রাখা

ফ্রিজের ধারণক্ষমতার চেয়ে বেশি মাংস সংরক্ষণ করলে ঠান্ডা বাতাস স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। ফলে কিছু অংশ ভালোভাবে জমলেও অন্য অংশ পর্যাপ্তভাবে হিমায়িত হয় না। এতে মাংসের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফ্রিজের ওপরও বাড়তি চাপ পড়ে।

বিভিন্ন ধরনের মাংস একসঙ্গে প্যাকেট করা

হাড়সহ মাংস, কিমা, কলিজা কিংবা নেহারির অংশ আলাদা না করে একসঙ্গে সংরক্ষণ করলে পরে প্রয়োজনের সময় নির্দিষ্ট অংশ খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে। তাই মাংসের ধরন অনুযায়ী আলাদা প্যাকেট করে সংরক্ষণ করা এবং প্যাকেটের গায়ে নাম লিখে রাখা সুবিধাজনক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিম্নমানের প্যাকেট ব্যবহার

পাতলা বা নিম্নমানের প্লাস্টিক ব্যাগে মাংস সংরক্ষণ করলে তা সহজেই ছিঁড়ে যেতে পারে। এতে রক্তপানি বের হয়ে ফ্রিজ নোংরা হওয়ার পাশাপাশি দুর্গন্ধেরও সৃষ্টি হতে পারে। এ ক্ষেত্রে ফ্রিজ-উপযোগী মোটা প্যাকেট বা জিপ-লক ব্যাগ ব্যবহার করা ভালো।

সঠিকভাবে প্যাকেট না করা

অনেকেই বড় আকারের প্যাকেটে বেশি মাংস ভরে সংরক্ষণ করেন। এতে মাংস পুরোপুরি জমতে বেশি সময় লাগে এবং ফ্রিজে জায়গা ব্যবস্থাপনাও কঠিন হয়ে পড়ে। সমান ও পাতলা স্তরে ভাগ করে প্যাকেট করলে মাংস দ্রুত হিমায়িত হয় এবং জায়গারও সাশ্রয় হয়।

লিকেজ বা রক্তপানি জমে থাকলেও পরিষ্কার না করা

মাংসের প্যাকেট থেকে রক্তপানি বের হয়ে ফ্রিজের ট্রে বা তাক নোংরা হতে পারে। এসব দ্রুত পরিষ্কার না করলে দুর্গন্ধের পাশাপাশি জীবাণু বিস্তারের ঝুঁকিও বাড়ে। তাই নিয়মিত ফ্রিজ পরীক্ষা করে প্রয়োজনমতো পরিষ্কার রাখা জরুরি।

বারবার ফ্রিজ খোলা

ঈদের সময় অনেকেই ঘন ঘন ফ্রিজ খুলে মাংসের অবস্থা দেখতে থাকেন। এতে ফ্রিজের ভেতরের তাপমাত্রা ওঠানামা করে এবং মাংস দ্রুত ও সমানভাবে জমতে বাধাগ্রস্ত হয়। বেশি ব্যবহৃত প্যাকেটগুলো সামনে রাখলে অপ্রয়োজনীয়ভাবে পুরো ফ্রিজ খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়ে না।

সঠিক পদ্ধতি ও সতর্কতা

বিশেষজ্ঞরা বলছেন, কুরবানির মাংস দীর্ঘদিন নিরাপদ ও ভালো রাখতে হলে সংরক্ষণের ক্ষেত্রে পরিকল্পিত ব্যবস্থা নেওয়া জরুরি। সামান্য সতর্কতা ও সঠিক পদ্ধতি অনুসরণ করলে মাংসের স্বাদ, গুণগত মান এবং নিরাপত্তা দীর্ঘ সময় ধরে বজায় রাখা সম্ভব।