পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের ফ্যামিলি কার্ডের টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয় করছেন নারীরা। শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় এক সংক্ষিপ্ত সভায় তিনি এ কথা বলেন।
নারীর উন্নয়নে সরকারের ভূমিকা
পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘নারীর উন্নয়নে নারী বান্ধব হিসেবে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছেন। ওই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা।’
সঠিক বিনিয়োগের গুরুত্ব
তিনি আরও বলেন, ‘সরকারের এ সহযোগিতার কারণ হচ্ছে— একজন মা, তিনি যদি এই সহযোগিতা পান, তিনি যদি সচেতন থাকেন, তিনি যদি তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সরকারের এই সহযোগিতার কারণে যদি তার ছেলে-মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে পারেন, পুরো জাতি শিক্ষিত হবে। সরকারের এই টাকাটাও সঠিক ইনভেস্ট করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান ও দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার।



