গাজীপুরে প্যারাগন সিরামিকস শ্রমিকদের ওপর শিল্প পুলিশের হামলা, ৬ জন আহত
গাজীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত প্যারাগন সিরামিকস লিমিটেড কারখানার শ্রমিকদের ওপর শিল্প পুলিশের হামলার অভিযোগ উঠেছে। এ হামলায় চার নারী শ্রমিকসহ মোট ছয় জন আহত হয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার বিবরণ
সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডগরী (নয়াপাড়া) এলাকার ওই সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন: বাংলা বাজার এলাকার মোর্শেদের মেয়ে শ্রমিক রুমা (৩০), সেলিমের স্ত্রী শিল্পী (৩৫), শামীমের স্ত্রী শারমিন (২২), আব্দুল কাদেরের স্ত্রী তপোরা (৪০), বশির মোল্লার ছেলে আজিজুল হক (৩০) ও মনসুর আলীর স্ত্রী রেবা (৪৫)। তারা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আন্দোলনের পটভূমি
প্যারাগন সিরামিকস লিমিটেড কারখানার আন্দোলনরত শ্রমিক এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে সোমবার বিকাল পাঁচটা থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করে। পরে তারা রাজেন্দ্রপুর-মির্জাপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ওই সড়কে প্রায় এক ঘণ্টা সব যান চলাচল বন্ধ হয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার প্রধান ফটক ও সিসি ক্যামেরা ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকরা শিল্প পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। শ্রমিকরা অভিযোগ করেন, শিল্প পুলিশ তাদেরকে মারধর করে মারাত্মক আহত করেছে।
কর্তৃপক্ষের পদক্ষেপ
আন্দোলনের পর রাতেই কর্তৃপক্ষ মঙ্গলবার (২১ এপ্রিল) একদিনের জন্য কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে নোটিশ টানিয়ে দিয়েছে। বুধবার (২২ এপ্রিল) কারখানার স্বাভাবিকভাবে কার্যক্রম যথারীতি শুরু হবে। প্যারাগন সিরামিকস লিমিটেড কারখানার ঊর্ধ্বতন মহা-ব্যবস্থাপক (ফ্যাক্টরি) মোসাহেব কাক্কা স্বাক্ষরিত নোটিশে এ ছুটি ঘোষণা করা হয়।
চিকিৎসা ও পুলিশের বক্তব্য
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, আহতদের মধ্যে কয়েকজন শ্রমিকের পায়ে (হাঁটুর নিচে) রক্তাক্ত জখম ও ছিদ্র রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর স্বপন কুমারের সরকারি নম্বরে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল নয়টার দিকে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়ায় তাদের শ্রমিকদের অভিযোগের বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, শ্রমিকরা আমাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করায় আত্মরক্ষার্থে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। জয়দেবপুর থানার ওসি নয়ন কর বলেন, মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রাজেন্দ্রপুর-মির্জাপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে কারখানার প্রধান ফটক ও সিসি ক্যামেরা ভাঙচুর করে। পরে শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারশেল ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
কারণ ও বর্তমান অবস্থা
নাম প্রকাশ না করার শর্তে প্যারাগন সিরামিকস লিমিটেড কারখানার এক কর্মকর্তা জানান, গ্যাস বিল বকেয়া থাকায় গত ২ এপ্রিল থেকে কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে স্বাভাবিক উৎপাদন কাজ বাধাগ্রস্ত হওয়ায় কর্তৃপক্ষ সময়মতো বেতন পরিশোধ করতে পারেনি। অপ্রীতিকর পরিস্থিত এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



