মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হোক বাজেটের ধ্রুবতারা: অর্থমন্ত্রী
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হোক বাজেটের ধ্রুবতারা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ধ্রুবতারা বা মূল লক্ষ্য হোক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এ বাজেট হোক সাধারণ মানুষের জন্য স্বস্তির। ব্যবসায়ীদের জন্য উচ্চ সুদের হার যেন আর না থাকে। করের চাপ কমানোর পাশাপাশি কর আদায়ে ব্যবসায়ীদের ওপর হয়রানিও কমানো জরুরি। অর্থনীতিবিদ, ব্যবসায়ী, গবেষক ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা এসব বিষয় তুলে ধরেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সামনে।

অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি

জবাবে অর্থমন্ত্রী জানান, আগামী দুই বছরের মধ্যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। ধীরে ধীরে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করাই বিএনপি সরকারের লক্ষ্য। তিনি বলেন, কত প্রবৃদ্ধি হলো, সেই ইতিহাস বলে লাভ নেই। সাধারণ মানুষের কী লাভ হলো, সেটাই গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এমন প্রবৃদ্ধির কোনো মূল্য নেই, যা মানুষের জীবনমানের উন্নতি ঘটাতে পারে না।

রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বৃহস্পতিবার প্রথম আলো আয়োজিত ‘সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বৈঠকে প্রথম আলো সম্পাদক অতিথিদের স্বাগত জানিয়ে সূচনা বক্তব্য দেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অলিগার্কি অর্থনীতি থেকে সরে আসার ইচ্ছা

বৈঠকে আলোচকদের তোলা বিভিন্ন প্রসঙ্গের জবাব দেন অর্থমন্ত্রী। শুরুতে তিনি বলেন, অলিগার্কি অর্থনীতি থেকে তিনি সরে আসতে চান। প্রত্যেক নাগরিকের যাতে সুযোগের সমান অধিকার থাকে, অর্থাৎ অংশগ্রহণমূলক অর্থনীতি গড়ে তোলা যায়, অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছায়—এটাই তাঁর চাওয়া। এ জন্য সৃজনশীল অর্থনীতিকেও আগামী অর্থবছর থেকে মূল ধারায় আনা হবে এবং এ জন্য আগামী বাজেটে একটি তহবিল রাখা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সদিচ্ছার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার এমন একটি করনীতি প্রণয়নে কাজ করছে, যেখানে মানুষ কর দেবেন এবং নিজেকে একজন করদাতা হিসেবে মনে করবেন। এই খাত থেকে এত টাকা নাও, ওই খাত থেকে ওত টাকা নাও—এটা কোনো করনীতি হতে পারে না।’

অর্থায়নের কাঠামো বদলানোর প্রয়োজন

অর্থমন্ত্রী বলেন, অর্থায়নের কাঠামো বদলে গেছে। ফলে আগের মতো দেশ চালানো আর সম্ভব নয়। তাঁর প্রশ্ন, ‘১ থেকে ২ শতাংশ সুদে ঋণ পাওয়ার জন্য কি আইএমএফের পেছনে দৌড়াতে হবে? নাকি কাল সকালে একটি তহবিল গঠন করে নিজের দেশের বাজারে প্রবেশ করা উচিত? বিনিয়োগের বিপরীতে ভালো মুনাফা পেলে কেন অপেক্ষা করব কে, কবে টাকা দেবে, কী শর্তে দেবে?’

শিল্পে ব্যাংক খাতের অর্থায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক চলতি মূলধন দিতে পারে। আবার গাড়ি, বাড়ি কেনার জন্য ঋণ দিতে পারে। অথচ দুই হাজার কোটি টাকার প্রকল্পে ঋণ দিয়ে দেয়। এক ব্যাংক না পারলে চার ব্যাংক মিলে দেয়। এগুলো অদক্ষতা। তাঁর প্রশ্ন, সরকার সব জায়গায় পয়সা দেবে কেন? বাংলাদেশ বিমানকে ১২টি উড়োজাহাজ কেনার খরচ সরকার কেন দেবে? বিমান একটি এন্টারপ্রাইজ; তারা পুঁজিবাজার থেকে টাকা নিতে পারে।

পুঁজিবাজার থেকে অর্থায়নের পরামর্শ

বড় অর্থায়নের জন্য অর্থমন্ত্রী পুঁজিবাজারকে বেছে নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ব্যাংক থেকে উচ্চ সুদে দুই হাজার কোটি টাকা ঋণ নেওয়ার চেয়ে পুঁজিবাজার থেকে নেওয়া উত্তম। পুঁজিবাজার ধ্বংস হয়ে গেছে, বুঝি। খুব দ্রুত এই বাজারকে কার্যকর করা হবে। পুঁজিবাজার থেকে টাকা নিলে সুদ দিতে হবে না, যতক্ষণ না প্রতিষ্ঠান পয়সা কামায়। পয়সা কামালেই লভ্যাংশ। অন্যদিকে বন্ড বাজারও আছে। ব্যাংকের চেয়ে কম সুদে বন্ড বাজার থেকেও ঋণ নেওয়া যায়। এভাবে ব্যবসার খরচ কমানোর ব্যবস্থা করা হবে।’

সুশাসন বনাম সংস্কার নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এটা অনেকটা ডিম আগে না মুরগি আগের মতো অবস্থা। তবে আমরা সার্বিক সংস্কারে যাচ্ছি। এখন আর ১৩টি অনুমতি লাগবে না। লাগলেও তা এক জায়গা থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া হবে।’ শুল্ক বিভাগ ও বন্দরের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘সবকিছুতেই স্বয়ংক্রিয় ব্যবস্থায় যেতে হবে। দেখা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে খরচ বৃদ্ধি শুরু হয়। এখানে পয়সা দিতে হবে, ওখানে দিতে হবে, এই মাশুল, সেই মাশুল—এগুলো করতে করতে ১০ শতাংশ দাম বেড়ে যায়। আমাদের লক্ষ্য ব্যবসার খরচ কমানো।’

একটি নোঙর প্রয়োজন

আগামী অর্থবছরের বাজেটকে ভারসাম্য রক্ষার কঠিন পরীক্ষা হিসেবে অভিহিত করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা উচিত আগামী বাজেটের ‘ধ্রুবতারা’ বা মূল লক্ষ্য।

কাঠামোগত সংস্কারের অভাব, প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতি, আইএমএফের শর্ত ও জনগণের উচ্চাশা—এই চতুর্মুখ চাপের মুখে অর্থমন্ত্রীকে বাজেট প্রণয়ন করতে হচ্ছে। বড় অঙ্কের বাজেট ঘাটতি হবে। আবার বড় অঙ্কের রাজস্বঘাটতিও রয়েছে। ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধির পথে ফেরার জন্য সামষ্টিক অর্থনীতির কাঠামোয় একটি নোঙর প্রয়োজন। তবে বাজেট ঘাটতি কমাতে গিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ যেন না কমে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অল্প বরাদ্দ দিয়ে প্রকল্প বাঁচিয়ে রাখার প্রবণতা রয়েছে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, করপোরেট আয়করে বর্তমানে ২৫ হাজার কোটি টাকার ওপর ছাড় দেওয়া হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উচিত করছাড়ের জায়গাগুলো ভালোভাবে ‘ঝেড়েমুছে’ দেখা। বিদ্যুৎ খাতের করছাড় পুনর্বিবেচনার সুযোগ আছে। অর্থনৈতিক বৈষম্য নিরসনে শুধু আয়করের ওপর নির্ভর না করে সম্পদ কর ও উত্তরাধিকার কর চালুর দাবি জানান তিনি। রাজস্ব বৃদ্ধির বিকল্প উৎস হিসেবে সরকারের হাতে থাকা বহুজাতিক ও লাভজনক শিল্পপ্রতিষ্ঠানের শেয়ারবাজারে ছাড়ার পরামর্শ দেন। তবে আমলাদের প্রতিরোধের কারণে এটি সম্ভব হয় না বলে উল্লেখ করেন তিনি।

প্রবৃদ্ধির নতুন চালক হতে পারে কৃষি

বাজেটের মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের চেয়ে সফলতার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ‘অর্থমন্ত্রীকে আমরা জনপ্রিয় দেখার চেয়ে বেশি সফল দেখতে চাই।’

হোসেন জিল্লুর বলেন, জনপ্রত্যাশা হচ্ছে স্বস্তির বাজেট। উচ্চাভিলাষী বাজেট এ মুহূর্তে জনপ্রত্যাশা নয়। বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার মধ্যে আস্থার সংকট রয়েছে। বাজেটের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এই আস্থার সংকট অতিক্রম করা জরুরি। তিনি বলেন, অর্থনীতির নানা খাতেই সংকট বিরাজ করছে। বাজেটের ক্ষেত্রে বড় সংকট বাস্তবায়নের।

হোসেন জিল্লুর বলেন, ‘মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির জন্য নতুন চালক প্রয়োজন। বর্তমানে আমাদের প্রবৃদ্ধির বড় চালক সেবা খাত। কৃষি খাত হতে পারে প্রবৃদ্ধির নতুন চালক।’ তাঁর মতে, মানুষ এখন আয়-ব্যয়ের সমন্বয় করতে গিয়ে হিমশিম খাচ্ছে। বাজেটে মানুষের এই সংগতির বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নিতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থ ব্যয়ের সক্ষমতা বৃদ্ধি। দুই খাতে বাড়তি বরাদ্দে শুধু ভবন তৈরি হবে।

বাজেটে পাঁচ বছরের পরিকল্পনা হোক

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) প্রফেসরিয়াল ফেলো সেলিম জাহান বলেন, ‘আমি বাজেটকে পাঁচ বছরের পরিকল্পনা হিসেবে দেখতে চাই। বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এর উন্নয়ন–দর্শন থাকা দরকার।’ তিনি বলেন, বাজেটের ভারসাম্য এমনভাবে নিশ্চিত করতে হবে, যাতে জীবনের ভারসাম্য নষ্ট না হয়। ভর্তুকি কমালে জীবনযাত্রার মান কমে যাবে। একদিকে সংস্কার করতে হবে, অন্যদিকে প্রবৃদ্ধি ও মানবসম্পদে বিনিয়োগ করতে হবে।

সেলিম জাহান বলেন, ‘আমাদের এমন সংস্কার করতে হবে, যা সামাল দেওয়া সম্ভব হবে। কর আদায় বাড়াতে হবে, ব্যয় কমাতে হবে। সংস্কারের পাশাপাশি জনপ্রত্যাশা সামাল দিতে হবে। স্থিতিশীলতা ও গতিময়তার মধ্যে ভারসাম্য আনতে হবে। মূল্যস্ফীতির পাশাপাশি কাজের সুযোগ বাড়ানোই লক্ষ্য হওয়া উচিত।’ বাজেটে জনপ্রত্যাশা নয়, জনগণের প্রয়োজন মেটাতে হবে বলে মত দেন তিনি। বলেন, অনেক উদ্যোগ সবার ভালো লাগবে না, তবে সে জন্য জনগণকে আগে থেকে প্রস্তুত করতে হবে। দেশে অর্থনীতির গণতন্ত্রায়ন করতে হবে। মানুষকে বিভিন্ন ক্ষেত্রে সহজে যুক্ত করতে হবে। নারীর উন্নয়নের বিষয়গুলো বাজেট আলোচনায় থাকা দরকার।

উচ্চ সুদের কারণে পিছিয়ে যাচ্ছি

টি কে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার বলেন, দেশে কাঁচামাল ও প্রস্তুত পণ্য আমদানিতে ৫ থেকে ১০ শতাংশ শুল্ক পার্থক্য রয়েছে। তবে এতে ন্যূনতম ১০ শতাংশ পার্থক্য থাকা উচিত। তিনি বলেন, ‘উচ্চ সুদের কারণে চীন, ভিয়েতনাম ও ভারত থেকে আমরা পিছিয়ে আছি। এর মধ্যে প্রস্তুত পণ্য আমদানিতে শুল্ক কম থাকলে ব্যবসা করা কঠিন।’ দেশে সুদের হার ১২ থেকে সাড়ে ১৪ শতাংশ, কিন্তু চীনে ৪ শতাংশ, ভিয়েতনামে ৬-৮ শতাংশ ও ভারতে ৮-৯ শতাংশ। এখানেই আমরা পিছিয়ে যাচ্ছি। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দেওয়ার ক্ষেত্রেও সময় কম পাওয়া যায়।

এ ছাড়া গ্যাস-সংকট ও বিদ্যুতের দাম না বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে বিদ্যুতের দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি। অগ্রিম আয়কর ও ভ্যাট ফেরত না পাওয়ার অভিযোগ করে বিষয়টিতে নজর দেওয়ার আহ্বান জানান। বন্ড সুবিধার অপব্যবহারের কারণে দেশে সংযোগশিল্প গড়ে উঠছে না বলেও মন্তব্য করেন তিনি।

ওষুধ খাতে কর ও শুল্কের চাপ

ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ওষুধশিল্পের কাঁচামালে অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার দাবি জানান। তিনি বলেন, এনবিআর থেকে অগ্রিম কর ফেরত পাওয়া যায় না, এতে ব্যবসার ওপর বাড়তি চাপ তৈরি হয়। কর-জিডিপি অনুপাত বাড়াতে করের আওতা সম্প্রসারণের ওপর জোর দিয়ে করব্যবস্থাকে ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার পরামর্শ দেন।

সিমিন রহমান বলেন, ওষুধশিল্পের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা চালু করতে হবে। তাঁর মতে, পোশাক খাতের মতো ওষুধশিল্পকেও রপ্তানিমুখী সুবিধা দেওয়া প্রয়োজন। গবেষণা ও উন্নয়ন ব্যয়কে পুরোপুরি করমুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, নতুন ওষুধ উদ্ভাবনে দীর্ঘ সময় লাগে, অথচ শুরু থেকেই করের বোঝা বহন করতে হয়। আর্থিক খাতের সংস্কার এখন সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, ‘এই সংস্কার করা সহজ কথা নয়, তবে আমাদের সঠিক সংস্কারের দিকেই এগোতে হবে।’ বেভারেজ বা পানীয় শিল্পের ওপর করের হার নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে এই খাতে মোট করের হার ৫৪ শতাংশ, যেখানে ভারতে ৪০ শতাংশ ও ভিয়েতনামে মাত্র ২০ শতাংশ।

বিনিয়োগ পরিবেশ এখন ভাঙা ঘর

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিনিয়োগ পরিবেশ এখন একটি ভাঙা ঘর। এই বাড়ি মেরামত না করে ভাড়াটে বা বিনিয়োগকারী খুঁজতে গেলে তারা হতাশ হয়ে ফিরে যাবে। গত ১৮ মাসে কিছু বিচ্ছিন্ন সংস্কার হয়েছে, যাকে আমি বলব “মিকি মাউস” রিফর্ম। এমন ছোটখাটো সংস্কার দিয়ে বিনিয়োগের বড় বাধা দূর করা সম্ভব নয়।’

মাসরুর রিয়াজ বলেন, বর্তমানে বিনিয়োগ পরিস্থিতি ‘তলানিতে’ এসে ঠেকেছে, যেখান থেকে উত্তরণে বড় ধরনের সংস্কার অপরিহার্য। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির উত্তরণে বিনিয়োগ সচল করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নইলে কর্মসংস্থান, রপ্তানি, বৈচিত্র্যকরণ ও উৎপাদনশীলতা আটকে যাবে। বর্তমান সময়কে একটি বহুমাত্রিক সংকটের কাল হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘আমাদের অর্থনীতির চাকা ধীর হয়ে গেছে। বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এটি বিনিয়োগের জন্য এক অশনিসংকেত।’

চলছে কারখানা টিকিয়ে রাখার লড়াই

বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, অনেক চালু পোশাক কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। অনেকেই ব্যবসা থেকে নিরাপদ প্রস্থান চাইছেন। এসব কারখানা চালু রাখতে বিশেষ তহবিল গঠন এবং ব্যবসা থেকে বের হতে চাওয়া উদ্যোক্তাদের জন্যও বাজেটে আলাদা ব্যবস্থা রাখা দরকার।

অগ্রিম আয়কর ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, মুনাফা না হলেও বিক্রির ওপর কর দিতে হচ্ছে, এতে উদ্যোক্তারা চাপে পড়ছেন। সৌর ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ব্যাটারির ওপর থেকে শুল্ক প্রত্যাহারের দাবি জানান। তাঁর মতে, জ্বালানি ব্যয় কমাতে নবায়নযোগ্য শক্তিতে দ্রুত বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।

চিকিৎসার অভাবে শিশুমৃত্যু উদ্বেগজনক

বহুজাতিক ব্যাংক এইচএসবিসি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উর রহমান বলেন, ‘বাংলাদেশের নাগরিক হিসেবে যখন দেখি, ছোট শিশুরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তখন মন ছোট হয়ে আসে। এ জন্য আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দিতে হবে।’

দেশের পারিবারিক মালিকানাধীন ব্যবসাগুলো সম্পদ তৈরি করলেও তাদের হাতে নগদ অর্থ কম বলে মন্তব্য করেন তিনি। বেশির ভাগ ব্যবসাই ঋণনির্ভর হয়ে গেছে, ফলে সুদের হার এখন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মাহবুব উর রহমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে অফশোর ব্যাংকিং ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রপ্তানিতে বৈচিত্র্য আনার আহ্বান জানান।

ভোগ্যপণ্যের বাজারে কয়েকটি গ্রুপের দাপট

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, দেশের ভোগ্যপণ্যের বাজার কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ১৮ থেকে ২০ কোটি মানুষ চার-পাঁচটি গ্রুপের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা ভয়ানক ব্যাপার।

শুল্কায়ন পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারমূল্যের সঙ্গে এনবিআরের ট্যারিফ মূল্যের বড় অমিল রয়েছে। ফলে ব্যবসায়ীরা আন্ডার ও ওভার ইনভয়েসিংয়ের অভিযোগের মুখে পড়ছেন। গোলাম মাওলা জিরা ও এলাচির মতো নিত্যপণ্যের উচ্চ শুল্ক নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর মতে, এসব পণ্যের ওপর অতিরিক্ত কর সাধারণ ভোক্তার ওপর চাপ বাড়াচ্ছে।

রেস্তোরাঁ খাতে করপোরেট আধিপত্য

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, বড় করপোরেট গোষ্ঠীর আগ্রাসনে ছোট রেস্তোরাঁ ব্যবসায়ীরা টিকে থাকতে পারছেন না। কয়েকটি বড় প্রতিষ্ঠান বেকারি ও রেস্তোরাঁ খাতের বড় অংশ নিয়ন্ত্রণ করছে এবং বন্ড সুবিধায় আনা কাঁচামাল ব্যবহার করে অসম প্রতিযোগিতা তৈরি করছে। তাঁর তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৪ লাখ ৮০ হাজার রেস্তোরাঁ থাকলেও ভ্যাট নিবন্ধিত মাত্র ১০ হাজার।

ইমরান হাসান বলেন, রেস্তোরাঁ ব্যবসা করতে ১৩ থেকে ১৪টি সরকারি দপ্তরের অনুমোদন লাগে। ডিসি লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ নানা জটিলতায় ব্যবসায়ীরা হয়রানির শিকার হন। রেস্তোরাঁ খাতের জন্য আলাদা তহবিল, সহজ শর্তে ঋণ এবং ওয়ান-স্টপ সার্ভিস চালুর দাবি জানান তিনি।