বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম তাৎক্ষণিকভাবে কমিয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এলপিজির দাম কমানোর কারণ
প্রতিমন্ত্রী বলেন, এলপিজি গ্যাসের ৯৮ ভাগই আমদানি করতে হয়, যা পুরোপুরি বেসরকারি খাতনির্ভর। মধ্যপ্রাচ্যে সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, ফলে সাধারণ মানুষের সংসার চালাতে কষ্ট হয়েছে। তিনি বলেন, 'যখনই বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, তখনই আমরা মূল্য সমন্বয় করেছি। আশা করি, রাতারাতি বড় মূল্য সমন্বয় হয়েছে। এতে বাংলাদেশের মানুষের সংসার পরিচালনায় স্বস্তি এনে দেবে।' তিনি আরও বলেন, সুযোগ পেলেই ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে।
বিদ্যুৎ বিল ও লোডশেডিং প্রসঙ্গে
ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই তপ্ত গ্রীষ্মে বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ ওঠায় প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। তিনি বলেন, 'সেখানে যোগাযোগ করে সমাধান করার নির্দেশনা দিয়েছি।'
বিএনপির ভূমিকা
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জনগণের সরকার। জনগণের সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।



