ফেনী জেলায় টানা ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৩০ জুন থেকে
ফেনীতে টানা ৪৮ ঘণ্টা গ্যাস বন্ধ ৩০ জুন থেকে

ফেনী জেলায় মঙ্গলবার (৩০ জুন) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

গ্যাস বন্ধের সময়সূচি ও কারণ

প্রতিষ্ঠানটির এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে জেলার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের ফলে ফেনী জেলার সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের মধ্যে উদ্বেগ

এ ঘোষণার পর থেকেই সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। টানা দুই দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তির আশঙ্কা করছেন আবাসিক গ্রাহকরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শহরের মিজান রোড এলাকার বাসিন্দা সামিয়া সুলতানা বলেন, 'দুই দিন গ্যাস না থাকলে রান্নাবান্না করা কঠিন হয়ে পড়বে। ফ্ল্যাটবাড়িতে বিকল্প ব্যবস্থা নেই। এলপিজি সিলিন্ডার বা বৈদ্যুতিক চুলা ব্যবহার করতে হলে অতিরিক্ত খরচ হবে। কর্তৃপক্ষ আরও আগে জানালে আমরা প্রস্তুতি নিতে পারতাম।'

ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের ক্ষতির আশঙ্কা

গ্যাস সংকটে ক্ষতির আশঙ্কা করছেন হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরাও। ফেনী শহরের বড়বাজার এলাকার এক রেস্তোরাঁ মালিক শাহ আলম বলেন, 'আমাদের পুরো ব্যবসাই গ্যাসনির্ভর। দুই দিন গ্যাস না থাকলে ব্যবসায় বড় ধরনের লোকসান হবে। সিলিন্ডার গ্যাস দিয়ে বড় পরিসরে রান্না চালানো যেমন কঠিন, তেমনি ব্যয়ও অনেক বেশি।'

একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন বিসিক শিল্পনগরীর উদ্যোক্তা আতাউর রহমান। তিনি বলেন, 'টানা ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকলে উৎপাদন ব্যাহত হবে। এর প্রভাব পড়বে শ্রমিকদের কর্মঘণ্টা, উৎপাদন ব্যয় এবং বাজারে পণ্য সরবরাহের ওপর।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাখরাবাদ গ্যাসের ব্যাখ্যা

এ বিষয়ে ফেনীর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঞ্চালন শাখার ব্যবস্থাপক দেওয়ান মোস্তফা ইমরান বলেন, 'গ্যাস লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন সেবা দিতে জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি কাজ করা হচ্ছে। এটি অত্যন্ত সংবেদনশীল একটি কার্যক্রম। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।'

তিনি আরও জানান, নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। এ সময় গ্রাহকদের ধৈর্যধারণ ও সার্বিক সহযোগিতা কামনা করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।