বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আগামী এক মাসের মধ্যে এই সুবিধা পেতে হলে তিনটি শর্ত পূরণ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এমন শর্ত দিয়ে ঈদের আগে প্রজ্ঞাপন জারি করেছে। এর মানে, বৈদ্যুতিক বাস-ট্রাক আমদানি করলে শুল্ক-কর দিতে হবে না।
শুল্কমুক্ত সুবিধার শর্তাবলি
শুল্কমুক্ত সুবিধায় বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানির শর্তগুলো হলো—
- আমদানি করা বাস বা ট্রাক সম্পূর্ণ নতুন হতে হবে। রিকন্ডিশন গাড়ি আমদানি করা যাবে না।
- আমদানিকৃত বাস বা ট্রাকে স্থাপিত ব্যাটারি প্রতিস্থাপন ছাড়া ন্যূনতম সাত বছর অথবা তিন লাখ কিলোমিটার চলবে, এমন ওয়ারেন্টিসম্পন্ন হতে হবে এবং এর সপক্ষে যথাযথ প্রামাণ্য দলিল থাকতে হবে।
- আমদানি করা ইলেকট্রিক বাস বা ট্রাক প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মানের হতে হবে অথবা সংশ্লিষ্ট রপ্তানিকারক দেশের টাইপ অ্যাপ্রোভাল অথরিটি বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপ্রাপ্ত হতে হবে।
কোন ধরনের যানবাহন পাবে সুবিধা?
এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ন্যূনতম ড্রাইভারসহ ১৭ আসন বৈদ্যুতিক বাস এবং ৫ টন বা তদূর্ধ্ব ধারণক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ট্রাক আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, ভ্যাটের আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হলো। ৩০ জুন পর্যন্ত এই শুল্কমুক্ত সুবিধা থাকবে।
সিদ্ধান্তের পটভূমি
৩ মে মন্ত্রিসভা বৈঠকে বৈদ্যুতিক বাস বা ট্রাক আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। এরপর ২১ মে এনবিআর এই সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে।



