এলপিজি সিলিন্ডার: নিরাপদ ব্যবহারে সতর্কতা জরুরি
এলপিজি সিলিন্ডার: নিরাপদ ব্যবহারে সতর্কতা জরুরি

দেশে বর্তমানে প্রায় ৫ কোটি ১২ কেজির এলপিজি সিলিন্ডার আবাসিক ফ্ল্যাট, রেস্তোরাঁ ও হোটেলে ব্যবহৃত হচ্ছে। এলপিজি সিলিন্ডার রান্নার জ্বালানি হিসেবে অন্যান্য জ্বালানির তুলনায় সহজ ও কার্যকর। তবে সচেতনভাবে ব্যবহার করলে এটি জীবনে স্বস্তি আনে, কিন্তু অসচেতনতা ও ত্রুটিপূর্ণ ব্যবহারে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটাতে পারে। গ্যাস মজুত, পরিবহন ও ব্যবহারে সামান্য ভুলে জানমালের ব্যাপক ক্ষতি হতে পারে।

দুর্ঘটনার কারণ ও প্রতিরোধ

ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়ম না জানা এবং রক্ষণাবেক্ষণের অভাবেই বেশির ভাগ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার লিক হয়ে বদ্ধ ঘরে গ্যাস জমে যায়। এরপর বৈদ্যুতিক সুইচের স্ফুলিঙ্গ বা ম্যাচের কাঠি জ্বালালেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিরাপদ এলপিজি ব্যবহারের নিয়ম

  • সিলিন্ডার কেনার সময়: অনুমোদিত ডিলার থেকে সেফটি ক্যাপ ও থার্মোসিল দেখে নিন।
  • সিলিন্ডার রাখার স্থান: সব সময় খাড়া অবস্থায়, পর্যাপ্ত বাতাস চলাচল করে এমন সমতল স্থানে রাখুন। শোবার ঘর, রান্নাঘরের বন্ধ কেবিনেট, আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট বা সিঁড়িঘরের নিচে রাখবেন না। এলপিজি গ্যাস বাতাসের চেয়ে ভারী হওয়ায় নিচু ও আবদ্ধ স্থানে জমে মারাত্মক বিস্ফোরক পকেট তৈরি করে।
  • রান্নার আগে ও পরে: রান্নার অন্তত আধা ঘণ্টা আগে জানালা-দরজা খুলে দিন এবং রান্না শেষে রেগুলেটরের চাবি বন্ধ করুন।
  • গ্যাসের গন্ধ পেলে: কখনো দেশলাই জ্বালাবেন না বা বৈদ্যুতিক সুইচ স্পর্শ করবেন না। সুইচের সামান্য স্পার্ক থেকেও বড় অগ্নিকাণ্ড ঘটতে পারে।
  • লিক পরীক্ষা: সাবান-পানির পরীক্ষা করুন। পানিতে সাবান বা ডিশ ওয়াশার গুলিয়ে ফেনা তৈরি করে হোস পাইপ ও রেগুলেটরের সংযোগস্থলে লাগান। বুদবুদ উঠলে বুঝবেন গ্যাস লিক হচ্ছে।

সরকারি তদারকি জরুরি

সিলিন্ডার দুর্ঘটনা রুখতে বিস্ফোরক পরিদপ্তর ও বিইআরসির সমন্বিত তদারকি আরও জোরদার করা প্রয়োজন। অবৈধ উপায়ে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর (ক্রস-ফিলিং) বন্ধ করা এবং বাজারজাতকৃত প্রতিটি সিলিন্ডারের সংবিধিবদ্ধ পুনঃপরীক্ষার মেয়াদ বা টেস্ট ডিউ ডেট নিয়মিত যাচাই করা বাধ্যতামূলক করা উচিত। একটু সতর্কতা ও সঠিক নিয়ম অনুসরণই পারে এলপিজি সিলিন্ডারজনিত প্রাণহানি ও সম্পদের ক্ষতি রোধ করতে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ