সাত মাসের জেনারেল ওভারহোলিং শেষে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। বুধবার (২০ মে) বিকেল ৫টা ৪৬ মিনিটে ইউনিটটি চালু করার পর তা থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, ক্রমান্বয়ে উৎপাদন বাড়ানো হবে।
ওভারহোলিং ও বর্তমান উৎপাদন
প্রধান প্রকৌশলী জানান, ২০২৫ সালের অক্টোবর থেকে ইউনিটটি বন্ধ ছিল, এরপর ওভারহোলিংয়ের কাজ শেষ করা হয়। বর্তমানে তৃতীয় ইউনিটসহ প্রথম ইউনিট থেকে মোট ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। প্রথম ইউনিটে ৫০ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিটে ২০ মেগাওয়াট উৎপাদিত হচ্ছে। আগামীকালের মধ্যে দুই ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করছেন তিনি।
দ্বিতীয় ইউনিট অকেজো
৫২৫ মেগাওয়াট ক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। ১ ও ২ নম্বর ইউনিটের প্রতিটির ক্ষমতা ১২৫ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। ২০২০ সালের নভেম্বরে যান্ত্রিক ত্রুটির কারণে ২ নম্বর ইউনিটটি সাড়ে চার বছরেও মেরামতের অভাবে অচল রয়েছে। কেন্দ্র কর্তৃপক্ষ, পিডিবি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ইউনিটটি অকেজো অবস্থায় পড়ে আছে। প্রধান প্রকৌশলী জানান, ইউনিটটি মেরামত করতে ২০০ কোটি টাকা প্রয়োজন।
পাম্প সমস্যা
প্রতিটি ইউনিট চালাতে দুটি ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প প্রয়োজন। ২০২২ সাল থেকে ৩ নম্বর ইউনিটের একটি পাম্প বিকল। ঝুঁকি নিয়ে একটি পাম্প দিয়ে উৎপাদন চালানো হচ্ছিল, যার কারণে মাঝেমধ্যে ইউনিটটি বন্ধ হয়ে যেত।



