রাজধানী ঢাকায় আজ দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ফলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া পূর্বাভাস
বুধবার (২০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
তাপমাত্রা ও আর্দ্রতা
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ, যা গরমের অস্বস্তি আরও বাড়িয়ে দিতে পারে। মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সূর্যোদয় ও সূর্যাস্ত
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৩ মিনিটে।
সারাদেশের পূর্বাভাস
অন্যদিকে, সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।



