সদরপুরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পথচারী নিহত
সদরপুরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে নিহত ১

ফরিদপুরের সদরপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে জিয়াউর রহমান (৪৯) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আটরশি জাকের ফিলিং স্টেশন–সংলগ্ন পুকুরিয়া–সদরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

জিয়াউর রহমান শরীয়তপুর সদরের বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জিয়াউর রহমান হেঁটে আটরশি দরবার শরিফের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ ঝড়ের কবলে পড়েন তিনি। এ সময় সড়কের পাশে থাকা একটি কৃষ্ণচূড়া গাছের বড় ডাল ভেঙে তাঁর মাথার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে তিনি সড়কের ওপর লুটিয়ে পড়েন।

উদ্ধার ও হাসপাতালে নেওয়া

পরে সঙ্গে থাকা মনির হোসেন ও স্থানীয় লোকজন জিয়াউরকে উদ্ধার করে দ্রুত বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের কার্যক্রম

খবর পেয়ে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় সদরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ