সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের আকিলপুর সৈকতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরাবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর পরিচয়

নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ হাসান (১৪)। নিহত হাসান মিরসরাই উপজেলার মির্জাবাজার দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে বারআউলিয়া হাইওয়ে থানায় নিয়ে যায়।

দুর্ঘটনার বিবরণ

হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহত হাসানসহ ১২-১৪ জন মাদ্রাসার শিক্ষার্থী মিরসরাই থেকে আকিলপুর সৈকতে যাওয়ার জন্য ছোট কুমিরা বাজারে এলাকায় আসে। এ সময় তারা একটি বাস থেকে অসতর্কভাবে নামার সময় পেছন থেকে একটি গাড়ি হাসানকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বারআউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক প্রথম আলোকে বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরেকটি সড়ক দুর্ঘটনা

এদিকে আজ সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মো. হারুন (৫৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ওসি এমএ হক বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপার হওয়ার সময় হারুন নিহত হন। উভয় ঘটনায় ঘাতক যানবাহন চিহ্নিত করা যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ