সরকারের ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা
সরকারের ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

সরকার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে রাজধানীর কোরাইল বস্তিসহ ৫৮টি এলাকায় নিম্নআয়ের মানুষের জন্য ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করেছে। রোববার সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

নিম্নআয়ের জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার (ব্রাহ্মণবাড়িয়া-২) এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিস্তারিত এলাকা পরিকল্পনা ২০২২-২০৩৫-এর আওতায় নিম্নআয়ের গোষ্ঠীর জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতে স্থান চিহ্নিত করা হয়েছে।

তিনি জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন ৯৮ একর জমিতে পর্যায়ক্রমে সীমিত আয়ের পরিবারের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিভিন্ন এলাকায় আবাসন প্রকল্প

মন্ত্রী বলেন, রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা এবং কয়েকটি পৌরসভার ৩৭টি বস্তিতে নিম্নআয়ের বাসিন্দাদের আবাসন উন্নয়নে উন্নয়ন অংশীদারদের আর্থিক সহায়তায় আরেকটি উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ পদ্মা আবাসিক এলাকায় ৫৭৮ নম্বর প্লটে নিম্নআয়ের পরিবারের জন্য ১৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ হারিণটানা মৌজায় প্রায় আট একর জমিতে সীমিত আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট প্রকল্পের পরিকল্পনা করছে।

চট্টগ্রামে ভাড়া আবাসনের প্রস্তাব

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সল্টগোলা এলাকায় প্রায় ৮৩ কাঠা জমিতে নিম্নআয়ের বাসিন্দাদের জন্য ভাড়া আবাসন উন্নয়নের একটি প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। প্রকল্পটি স্ব-অর্থায়নে বা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পিতামাতার ভরণপোষণ আইন সংশোধন

সংরক্ষিত মহিলা আসনের জামায়াত সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধনে অংশীজনদের সঙ্গে পরামর্শ করা হবে। সংশোধনীতে কারাদণ্ড, জরিমানা ও অন্যান্য শাস্তি সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত থাকবে।

সামাজিক নিরাপত্তা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

এমপি ফজলে হুদার (নওগাঁ-৩) প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত বছরগুলোর সামাজিক নিরাপত্তা বরাদ্দে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগে মন্ত্রণালয় প্রকৃত সুবিধাভোগী চিহ্নিত করতে এবং অযোগ্যদের বাদ দিতে দেশব্যাপী যাচাই অভিযান শুরু করেছে। ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে সুবিধাভোগী তালিকা পুনরায় যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়।

এমপি জয়নাল আবদিনের (ফেনী-২) প্রশ্নের উত্তরে জাহিদ হোসেন বলেন, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরে বার্ধক্য ভাতা মাসিক ৬৫০ টাকা থেকে ৭০০ টাকা করা হবে। সুবিধাভোগীর সংখ্যা ৬১ লাখ থেকে বেড়ে ৬২ লাখ হবে এবং বরাদ্দ ৪৭৯১ কোটি টাকা থেকে বেড়ে ৫২৩৯ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, আগামী অর্থবছরে বিধবা ও স্বামী পরিত্যক্ত মহিলা ভাতা ৬৫০ টাকা থেকে ৭০০ টাকা এবং প্রতিবন্ধী ভাতা ৯০০ টাকা থেকে ১ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

পরিবার কার্ড ভাতা কর্মসূচি

স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৪৪ জেলার ৫৫ উপজেলার ৫৬টি পাইলট ইউনিটের মাধ্যমে 'পরিবার কার্ড' ভাতা কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৬৯ হাজার ৩৮৭ জন নারী পরিবার প্রধান সুবিধা পেয়েছেন। মাঠপর্যায়ের তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং সুবিধাভোগীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করা যায়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি

এদিকে, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সংসদে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে প্রবেশ করেছে, যা বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের আগে চূড়ান্ত ও সবচেয়ে জটিল ধাপ।

এমপি মোস্তাফিজুর রহমান বাবুলের (জামালপুর-৩) প্রশ্নের জবাবে তিনি আশা প্রকাশ করেন যে, আগস্টের শেষ নাগাদ দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তিনি বলেন, এটি বাংলাদেশের জ্বালানি খাতে একটি বড় মাইলফলক, যা জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হওয়ার প্রথম ঘটনা হবে এবং জ্বালানি নিরাপত্তা ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।