বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি প্যানেলের জয়

প্রায় দেড় যুগ পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত ‘বাদল-হিরু প্যানেল’ নিরঙ্কুশ জয়লাভ করেছে। সভাপতি, সহ-সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির সবকটি পদেই ওই প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা

রোববার (৫ জুলাই) বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন সোমবার এ তথ্য জানান।

সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ১ হাজার ৭৭ জন ভোটারের মধ্যে ৯৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা ভোটার উপস্থিতির হার ৮৬ দশমিক ৩ শতাংশ। ছয়টি ভোট বাতিল হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রার্থী ও প্রতিদ্বন্দ্বিতা

নির্বাচনে কার্যনির্বাহী কমিটির মোট ১২ পদের বিপরীতে বিএনপি, জামায়াতে ইসলামী এবং স্বতন্ত্র মিলে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে গোপন ব্যালটের মাধ্যমে আগামী দুবছরের জন্য নেতৃত্ব নির্বাচন করেন।

সভাপতি ও সহ-সভাপতি পদে ফলাফল

সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের আতিকুর রহমান বাদল। গোলাপ ফুল প্রতীকে তিনি পান ৬৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত সেলিম-এরশাদ প্যানেলের সেলিম রেজা (ছাতা প্রতীক) পান ২২৭ ভোট। সহ-সভাপতি পদে বিজয়ী হন বাদল-হিরু প্যানেলের হামিদুল হক চৌধুরী হিরু। আনারস প্রতীকে তিনি পান সর্বোচ্চ ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামদুদুর রহমান শিপন (খেঁজুর গাছ প্রতীক) পান ৫৯১ ভোট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচালক পদে বিজয়ীরা

কার্যনির্বাহী কমিটির ৯টি পরিচালক পদে ২২ জন প্রার্থীর মধ্যে বাদল-হিরু প্যানেলের বিজয়ীরা হলেন: পরিমল চন্দ্র দাস (ফুটবল-৫৯৬), খন্দকার মেজবাহুল হক রন্টু (দোয়েল পাখি-৬১২), আজিজার রহমান মিল্টন (উড়োজাহাজ-৫৭৯), শাহিনুর ইসলাম সবুজ (কাপ পিরিচ-৫৬৯), এসএম নূর-ই আলম সিদ্দিকী পল্লব (হরিণ-৫৫৭), রাসেদুল ইসলাম (মই-৫৫৩), শফিকুল ইসলাম খোকন (দোয়াত কলম-৫৩২), শামসুল হক বেনু (চেয়ার-৫১২) এবং মতিউর রহমান (চশমা-৪৬৬)।

পটভূমি ও তাৎপর্য

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৭ সালে বগুড়া চেম্বারের সরাসরি ভোট অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় বিনা ভোট বা সিলেকশনের মাধ্যমে কমিটি গঠিত হওয়ায় সাধারণ ব্যবসায়ীরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে এই ভোটের আয়োজন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আছিয়া খাতুন বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে ব্যবসায়ীরা তাদের পছন্দের নেতৃত্ব বেছে নিয়েছেন।’